স্ত্রীকে হত্যা: ১৩ বছর পর স্বামীর ফাঁসির আদেশ
মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে ত্রিশ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন বিচারক।
নাটোরের সিংড়া উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম ১৩ বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আনিসুর রহমান জানান।
মৃত্যুদণ্ড পাওয়া ফরহাদ হোসেন মণ্ডল (৪২) সিংড়ার মুন্সি বাঁশবাড়িয়া এলাকার হামিদ আলীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।
সাজার পাশাপাশি ফরহাদকে ত্রিশ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন বিচারক।
মামলার বরাতে আনিসুর বলেন, ২০০১ সালে সিংড়ার বনকুড়ি গ্রামের নুর ইসলামের মেয়ে ফাতেমা বেগমের সঙ্গে ফরহাদ হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই ফরহাদ ও তার বাড়ির লোকজন ফাতেমাকে যৌতুকের জন্য চাপ দিতে থাকে।
পরে ফাতেমা তার বাবাকে জানালে তিনি বিভিন্ন সময়ে ৫০ হাজার টাকাও দেন। তারপরেও যৌতুকের দাবিতে ২০১১ সালের ৭ ডিসেম্বর রাতে ফাতেমাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় ফরহাদ।
এ ঘটনার পরদিন ফাতেমার বাবা নুর ইসলাম ফরহাদসহ চারজনের নাম উল্লেখ করে সিংড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি তদন্ত শেষে সিংড়া থানার পরিদর্শক মো. ফজলুর রহমান ২০১২ সালের ৬ এপিল ফরহাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আনিসুর জানান।
তিনি বলেন, আসামিকে দেওয়া জরিমানার অর্থ ভুক্তভোগী গৃহবধু পাবেন বলে রায়ে উল্লেখ করা হয়েছে।
