১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুড়িগ্রামে ৮০ বছরের বৃদ্ধকে প্রকাশ্যে ছুরিকাঘাতে খুন

এ ঘটনায় একজনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

কুড়িগ্রামে ৮০ বছরের বৃদ্ধকে প্রকাশ্যে ছুরিকাঘাতে খুন

নিহত রোস্তম আলী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Sep 2026, 06:00 PM

Updated : 18 Sep 2026, 06:01 PM

কুড়িগ্রাম সদরে ৮০ বছরের এক বৃদ্ধকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

শুক্রবার সকাল ৯টার দিকে পৌর শহরের চর হরিকেশ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কুড়িগ্রাম সদর থানার ওসি কামাল হোসেন।

নিহত রোস্তম আলী খোকা (৮০) ওই এলাকার বাসিন্দা।

আটক আব্দুল জলিল (৪০) একই এলাকার বাসিন্দা। তিনি পেশায় মিশুক চালক।

রোস্তম আলীর মেয়ে জামাই সাঈদ বাবু বলেন, সকালে চা পান শেষে বাড়ির পাশে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন রোস্তম আলী। এ সময় কোনো উসকানি ছাড়াই হঠাৎ তাকে উপর্যুপরি শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করেন জলিল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে ক্ষুব্ধ এলাকাবাসী জলিলকে ধাওয়া করে আটক করে বেঁধে রেখে থানায় খবর দেন। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যায়।

এলাকাবাসীর অভিযোগ, চর হরিকেশ এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের বিস্তার ঘটেছে। এর ফলে চুরি, ছিনতাইসহ নানা অপরাধ বেড়ে যাওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বাসিন্দারা। আটক জলিল মাদকাসক্ত ও কারবারের সঙ্গে জড়িত বলে দাবি এলাকাবাসীর।

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তির বিচার এবং এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি জানিয়েছেন তারা।

ওসি কামাল হোসেন বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।