হবিগঞ্জ সদর হাসপাতালে আটক ৫ ‘দালালকে’ কারাদণ্ড
প্রত্যেককে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল থেকে আটক পাঁচ দালালকে সাত দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকালে হাসপাতাল এলাকায় চালানো ঝটিকা অভিযানে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ মাহমুদ।
দণ্ড পাওয়ারা হলেন- সাকিব মিয়া তালুকদার, কামাল শাহ, জনাব আলী, আরফান মিয়া এবং টেনু মিয়া।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ মাহমুদ বলেন, ভ্রাম্যমাণ আদালত ও এসআরবির সদস্যরা হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেন। জিজ্ঞাসাবাদে তারা প্রত্যেকেই দালালি সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেন।
আটকদের মধ্যে কয়েকজন আগেও বেশ কয়েকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছিলেন। পরে তাদেরকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ ছাড়া প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়।
এসআরবি-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের ক্যাপ্টেন মো. মোশারফ হোসেন সাগর বলেন, “গ্রামগঞ্জ থেকে সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা সহজসরল মানুষজনকে ফাঁদে ফেলে টাকা পয়সা হাতিয়ে নেন দালালরা। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।”
