আশুলিয়ায় প্রকাশ্যে সাবেক স্বামীর ছুরিকাঘাতে পোশাক শ্রমিকের মৃত্যু
নিহতের মামা জানান, আজাদ মাদকাসক্ত থাকায় পারিবারিক কলহ লেগেই থাকতো। পরে এক বছর আগে তাদের তালাক হয়ে যায়।
ঢাকার সাভারের আশুলিয়ায় প্রকাশ্য সড়কে ছুরিকাঘাতে এক পোশাক শ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে তার সাবেক স্বামীর বিরুদ্ধে।
বুধবার সকাল ৭টার দিকে জামগড়া এলাকায় নিউ বঙ্গমার্কেটের পিছনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আশুলিয়া থানার এসআই নোমান সিদ্দিকী।
নিহত কুইন খাতুন নওগাঁ জেলার সদর থানার ফতেপুর গ্রামের মো. কুদ্দুস মিয়ার মেয়ে। ৩৯ বছরের এই নারী আশুলিয়ার কাঁঠালতলা এলাকায় এমারত মিয়ার ভাড়া বাড়িতে থেকে এনভয় গামের্ন্টসে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই নোমান বলেন, সকালে বাসা থেকে কারখানায় যাওয়ার পথে নিউ বঙ্গমার্কেটের পিছনে ওই নারীকে প্রকাশ্যে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তার সাবেক স্বামী আজাদ।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেরণ এলাকার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মামা বিল্লাল হোসেন বলেন, কয়েক বছর আগে তার ভাগ্নী কুইন খাতুনের সঙ্গে আজাদের বিয়ে হয়েছিল। আজাদের গ্রামের বাড়িও নওগাঁয়।
“আজাদ মাদকাসক্ত থাকায় তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। অবশেষে এক বছর আগে তাদের তালাক হয়ে যায়।
“এরপর বিভিন্নভাবে আমার ভাগ্নিকে পথে-ঘাটে বিরক্ত করতো আজাদ। আজকে (বুধবার) সড়কে সে ছুরিকাঘাত করে ভাগ্নিকে হত্যা করেছে।”
এসআই নোমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা পাওয়া গেছে, সাবেক স্বামীর হাতে হত্যার শিকার হয়েছেন ওই নারী। হত্যাকারীকে আটকের চেষ্টা চলছে।”
