০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

মজুরি আন্দোলন: আশুলিয়ায় ‘ঢিলের’ আঘাতে স্কুলছাত্র আহত

“আমাদের জরুরি বিভাগে চিকিৎসা শেষে তাকে বাসায় নিয়ে গেছে অভিভাবকরা।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Nov 2026, 03:54 PM

Updated : 02 Nov 2026, 04:07 PM

ঢাকার আশুলিয়ায় পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে পড়া এক স্কুলছাত্র ‘ঢিলের’ আঘাতে রক্তাত হয়েছে।

সোমবার দুপুরে জিরানী এলাকায় আহত হওয়ার পর তাকে জিরানী বাজারের নাসিরউদ্দীন মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়।

আহত ১০ বছরের নুরুজ্জামান সামি বিকেএসপি পাবলিক স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

নাসিরউদ্দীন হাসপাতালের কর্মী বিথী আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিশুটির মাথায় পাটকেলের আঘাত লেগেছিল। কিছুটা রক্তক্ষরণ হয়েছে।

“এরপর আমাদের জরুরি বিভাগে চিকিৎসা শেষে তাকে বাসায় নিয়ে গেছে অভিভাবকরা। সে এমনিতে ভালো আছে।”

শিশুটির কিছু রক্তাক্ত ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেসব পোস্টে বলা হয়, শিশুটি পুলিশের গুলিতে আহত হয়েছে।

তবে শিল্প পুলিশ বা আশুলিয়া থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে শিশু আহত হওয়ার বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি।

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে সাভারের আশুলিয়ায় পোশাক কারখানাগুলোর শ্রমিকরা সোমবার বিক্ষোভ করেছেন।

বিক্ষোভ চলাকালে একটি কভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এসময় তারা পুলিশের সঙ্গে সংঘাতে জড়ায়।

বিক্ষোভ পরিস্থিতির মুখে আশুলিয়ার নরসিংহপুর, নিশ্চিন্তপুর ও কাঠগড়া এলাকার অধিকাংশ পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।