নেত্রকোণায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে একজন নিহত, আহত ১৫
সোমবার সকালে গ্রামে সালিশ বৈঠকে বিষয়টির মীমাংসা হয়, কিন্তু সালিশ থেকে ফেরার পথে আবার দুইপক্ষের মধ্যে কথাকাটাকাটি ও সংঘর্ষ শুরু হয়।
নেত্রকোণার মদন উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন; এসময় অন্তত ১৫ জন আহত হন।
সোমবার দুপুরে উপজেলার নায়েকপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান মদন থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান।
নিহত ব্যক্তির নাম দিলীপ খান (৫৫), তিনি নায়েকপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত খোরশেদ খানের ছেলে।
সংঘর্ষের ঘটনায় নায়েকপুর পশ্চিমপাড়া গ্রামের সোহাগ (৪০), সিরাজুল ইসলাম (৬০) ও তার ছেলে বাবু মিয়াকে (২০) আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, রোববার বিকালে নায়েকপুর পশ্চিমপাড়া গ্রামে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ওই গ্রামের মনসুর মিয়ার ছেলে মোস্তাকিম একই গ্রামের আলীম উদ্দিনের ছেলে হাসানকে মারধর করেন। এ ঘটনায় এলাকায় দুইপক্ষের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়।
বিষয়টি নিয়ে সোমবার সকালে গ্রামে সালিশ বৈঠক হয় এবং বিষয়টির মীমাংসা হয়। কিন্তু সালিশ থেকে ফেরার পথে আবার দুইপক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়, এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
এসময় টেঁটার আঘাতে দিলীপ খান, রুবি আক্তার, খুকুমনিসহ উভয়পক্ষের অন্তত ১৬ নারী-পুরুষ আহত হন। গুরুতর আহত দিলীপ খানকে স্থানীয়রা উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহত রুবি ও খুকুমনিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে জানিয়ে ওসি বলেন, সাইদুর রহমান নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
ওসি জানান, জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দিলীপ খানের মরদেহের ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে, তার পরিবার লিখিত অভিযোগ দিলে সে অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।
