বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, ২ বন্ধুর মৃত্যু
গাইবান্ধায় থেকে মোটরসাইকেল চালিয়ে দুই বন্ধু রংপুরে যাচ্ছিল বলে জানায় পুলিশ।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের আরোহী দুই বন্ধুর প্রাণ গেছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রামজীবন ইউনিয়নের কে কৈ কাশদহ গ্রামের হান্নানের মোড়ে এ ঘটনা ঘটে বলে সুন্দরগঞ্জ থানার ওসি কে এম আজমিরুজ্জামান জানান।
নিহত সাজিদ মিয়া (১৮) রংপুর শহরের পশ্চিম খাশবাগ মহল্লার নুর মোহাম্মদের ছেলে সাজিদ হাসান এবং অপর নিহত জুয়েল রানা (১৭) একই এলাকার আল আমিনের ছেলে।
এসআই সৈয়দ মামুন হক জানান, সাজিদ ও জুয়েল সন্ধ্যার পর মোটরসাইকেল চালিয়ে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের ধাপাচিলা এলাকা থেকে রংপুরে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেওয়ার পথে অপরজনের মৃত্যু হয় বলে জানান তিনি।
ওসি আজমিরুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে; তারা আসলে মরদেহ হস্তান্তর করা হবে।
