মাদারীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, আহত ১৫
ঢাকা-বরিশাল মহাসড়কে ডাসার উপজেলার কর্ণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মাদারীপুর ডাসার উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শনিবার বিকাল ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে উপজেলার কর্ণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ডাসার থানার ওসি সোলায়মান আহমেদ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ঢাকা থেকে লাবিবা পরিবহনের যাত্রীবাহী একটি বাস বরিশালের উদ্দেশে যাচ্ছিল। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে অন্তত ১৫ যাত্রী আহত হন।
পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করান এলাকাবাসী। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
কালকিনি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোকন জমাদ্দার বলেন, অল্পের জন্য বড় দুর্ঘটনার থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা। আহতরা সবাই শঙ্কামুক্ত।
