জাতির অর্জনকে ম্লান করার জন্যই বিএনপির সমাবেশ: শিক্ষামন্ত্রী
বিএনপি-জামায়াতের যেকোনো সহিংসতা প্রতিহত করার জন্য আওয়ামী লীগ শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে বলে জানান দীপু মনি।
জাতির অর্জনকে ম্লান করার জন্যই সমাবেশের ডাক দিয়েছে বিএনপি; অতীতেও দলটি এমন সমাবেশের ডাক দিয়ে নৈরাজ্য সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
শুক্রবার বিকালে লক্ষ্মীপুরের রায়পুর সরকারি কলেজের নবনির্মিত ছয়তলা ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সমাবেশকে ঘিরে মানুষের মনে নানা রকম আশঙ্কা সৃষ্টি হয়েছে উল্লেখ করেন মন্ত্রী বলেন, “বিএনপি তাদের কর্মীদের বলেছে, সমাবেশে আসার আগে পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসতে। তার মানে বিএনপি সহিংসতা করার জন্য প্রস্তুতি নিয়ে আসছে।”
আওয়ামী লীগকে জনগণের দল উল্লেখ করে দীপু মনি আরও বলেন, “আমরা শান্তিতে বিশ্বাস করি। শান্তি, প্রগতি আর উন্নয়ন হাতে হাত ধরে চলে।
“তাই জনগণের জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগও রাজপথে থাকবে। যাতে করে বিএনপি কোনো প্রকার নৈরাজ্য সৃষ্টি করতে না পারে।”
বিএনপি-জামায়াতের যেকোনো ধরনের সহিংসতা প্রতিহত করার জন্য আওয়ামী লীগ শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে বলে জানান মন্ত্রী।
অনুষ্ঠানে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা প্রশাসক সুরাইয়া জাহান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ খন্দকার ইউছুফ হোসাইন ও রায়পুর সরকারি কলেজের অধ্যক্ষ আমানত হোসেন উপস্থিত ছিলেন।
ছয় কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে রায়পুর সরকারি কলেজের নতুন ভবন উদ্বোধনের পর রায়পুর আলীয়া মাদরাসার চারতলা নতুন ভবনের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।
