২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

নরসংদীতে ‘১৬ লাখ টাকা ছিনতাই’, ছাত্রলীগ নেতাসহ আটক ৪

ছিনতাইয়ের শিকার আক্কাস আলী নরসিংদীর রায়পুরার বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য।

নরসংদীতে ‘১৬ লাখ টাকা ছিনতাই’, ছাত্রলীগ নেতাসহ আটক ৪

শোয়েব রায়হান (বামে) ও রেহানুল ইসলাম লেলিন।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2023, 12:52 AM

Updated : 08 Apr 2023, 03:46 PM

নরসংদীতে ‘পুলিশ পরিচয়ে’ ১৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে ছাত্রলীগের সাবেক নেতাসহ চারজনকে পিটুনির পর পুলিশে দিয়েছে জনতা।

শুক্রবার দুপুরে জেলা শহরের বানিয়াছল থেকে তাদের আটক করা হয় বলে সদর থানার ওসি আবুল কাশেম জানান।

আটকরা হলেন নরসিংদী জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রেহানুল ইসলাম লেলিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য শোয়েব রায়হান, তানভীর আহমেদ ও কামরুল হাসান মুহিত। তানভীর ও মুহিতের রাজনৈতিক পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আটকদের কাছ থেকে একটি খেলনা পিস্তল ও একটি প্রাইভেটকার জব্দ করা হয় বলে ওসি আবুল কাশেম জানান।  

ছিনতাইয়ের শিকার আক্কাস আলী নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য।

আক্কাস আলীর ভাষ্য, তার সঙ্গে তার ছেলে ইকবালও হোসেনও ছিলেন। একটি জমি কেনার জন্য ১৬ লাখ টাকাভর্তি ব্যাগ নিয়ে যাওয়ার সময় তারা ছিনতাইয়ের শিকার হন।

ঘটনার বিবরণে আক্কাস আলী জানান, তাদের বাড়ি রায়পুরার বাঁশগাড়ী হলেও থাকেন সদর উপজেলার সাহেপ্রতাব এলাকার বাড়িতে। বাঁশগাড়ী এলাকায় জমি কেনার জন্য ১৬ লাখ টাকাভরতি একটি ব্যাগ নিয়ে সাহেপ্রতাবের বাড়ি থেকে বের হয়েছিলেন তারা বাবা-ছেলে।

আক্কাস বলেন, একটি ব্যাটারিচালিত অটোরিকশায় শহরের আরশীনগর সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে যাওয়ার সময় বৌয়াকুড়ে দুটি মোটরসাইকেলে চারজন তাদের গতিরোধ করেন। তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে পরিচয়পত্র দেখান এবং পিস্তল দেখান। এরপরই টাকার ব্যাগ ছিনিয়ে নেন।

তিনি বলেন, এ সময় তাদের চিৎকারে স্থানীয় লোকজন এসে তানভীর ও শোয়েবকে ধরে ফেলেন। অন্য দুজন টাকার ব্যাগ নিয়ে মোটরসাইকেলে পালিয়ে যান। খবর পেয়ে নরসিংদী মডেল থানার পুলিশ তানভীর ও শোয়েবকে থানায় নিয়ে যায়।

ওসি আবুল কাশেম বলেন, আটক তানভীর ও শোয়েবকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিতে ঘটনাস্থলে লেলিন ও মুহিত নামের দুজন এলে সন্দেহজন মনে করে তাদেরও আটক করে পুলিশ।

“এ ঘটনায় আরও একজন পালিয়ে গেছে। ধারণা করা হচ্ছে ছিনতাই করা টাকা নিয়ে পালিয়েছে সে।”

নরসিংদী বাজারের সুতার একাধিক ব্যবসায়ী নাম প্রকাশ না করে বলেন, জানান, গত রোববার সকালে পুরাতন সুতার ব্যবসায়ী নাজিম উদ্দিনের সুতার গদিতে তালা লাগায় এই চাঁদাবাজরা। এ ঘটনা মৌখিকভাবে জানালেও কোনো কাজ হয়নি।

নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “তাদের যন্ত্রণায় একেবারে অতিষ্ঠ। পরে যদিও নাজিম উদ্দিনের গদির তালা আমরা গিয়ে খুলে দিয়েছি। কিন্তু এসব ঘটনার পর বাজারে চরম আতংক বিরাজ করছে।”