১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

সিআইডি পরিচয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি: সাবেক ইন্সপেক্টরসহ তিন জন রিমান্ডে

চাঁদা না দিলে ব্যবসায়ীদের ‘তুলে নিয়ে যাওয়ার হুমকিও দেওয়া হয়’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Oct 2026, 04:14 PM

Updated : 11 Oct 2026, 04:14 PM

তাঁতীবাজারে একটি স্বর্ণের দোকানে সিআইডি পরিচয়ে অবৈধ হুন্ডি ব্যবসার অভিযোগ তুলে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও ভয়ভীতি দেখানোর মামলায় সাবেক এক ইন্সপেক্টরসহ তিন জনকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। 

ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মুহাম্মদ জোনাইদ রোববার রিমান্ডের আদেশ দেন। 

প্রসিকিউশন পুলিশের এসআই কামাল উদ্দীন রিমান্ডের তথ্য দিয়েছেন। 

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর এস এম মোস্তাক আহমেদ (৬৫), সিআইডি পুলিশে কর্মরত কনস্টেবল মো. হাসান শেখ (৩৮) এবং মো. আবুল কালাম আজাদ (৫২)। 

গত ৬ অক্টোবর দুপুরে কোতয়ালী থানার তাতীবাজার এলাকার ‘আর্শীবাদ’ নামের একটি স্বর্ণের দোকানে আসামিরা জোরপূর্বক প্রবেশ করেন। পরে দোকানের মালিক লিটন দেবের ভাই ও ছেলেকে সিআইডি পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে ‘১০ লাখ টাকা চাঁদা দাবি করেন’। 

চাঁদা না দিলে তাদের তুলে নিয়ে যাওয়ার ‘হুমকিও দেওয়া হয়’। 

বিষয়টি তাৎক্ষণিকভাবে ডিএমপির গোয়েন্দা (ডিবি) পুলিশকে জানানো হলে গোয়েন্দা কোতয়ালী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. এনায়েত কবীর সোয়েবের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে তিনজনকে হাতেনাতে আটক করে। 

আটকের সময় তাদের কাছ থেকে ছাই রঙের একটি সিআইডি জ্যাকেট, এক জোড়া হ্যান্ডকাফ, একটি পুলিশ ফিল্ড ক্যাপ, সিল মারা একটি আইডি কার্ডসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। 

এ ঘটনায় লিটন দেব কোতয়ালী থানায় মামলা করেন। মামলা দায়েরের পর বুধবার তাদের গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার এসআই মো.এজাজুল হক। ওইদিন আদালত আসামিদের কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির দিন রাখেন রোববার। 

এদিন শুনানিকালে তাদের তাদের আদালতে হাজির করা হয়। আসামিদের পক্ষে অ্যাডভোকেট আবুল কালাম আজাদ রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন। 

রাষ্ট্রপক্ষ থেকে এসআই কামাল উদ্দীন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। পরে আদালত আসামিদের দুই দিনের রিমান্ডেরর আদেশ দেয়।