‘পুলিশ পরিচয়ে’ চাঁদা চেয়ে পুলিশের হাতে ধরা ৪ জন
যাত্রাবাড়ীর একটি অটোরিকশা গ্যারেজে গিয়ে তারা ‘পুলিশ পরিচয় দিয়ে’ চাঁদা দাবি করেন, বলছে পুলিশ।
ঢাকার যাত্রাবাড়ীতে ‘পুলিশ পরিচয়ে’ অটোরিকশা গ্যারেজে চাঁদা দাবির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের গ্রেপ্তারের কথা বলা হয়েছে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
ওই চারজন হলেন- পারভেজ মুন্সী (৩২), ইমরান হোসেন (৩৮), জুনায়েদ হোসেন কুরবান (২৭) ও আসিফ ইসলাম (৩৩)।
যাত্রাবাড়ী থানা পুলিশের বরাতে বিজ্ঞপ্তিতে বলা হয়, “সন্ধ্যায় যাত্রাবাড়ীর একটি গ্যারেজে গিয়ে তারা নিজেদের পুলিশ পরিচয় দেন। গ্যারেজে চোরাই অটোরিকশা রয়েছে দাবি করে গ্যারেজ মালিকের কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন।
“স্থানীয় লোকজনের সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ সেখানে গিয়ে দেখতে পায়, তারা কেউ পুলিশ সদস্য নয়। পুলিশ পরিচয় দিয়ে চাঁদা দাবি করছিল।”
পরে তাদের ধরে থানায় নেওয়ার কথা বলেছে পুলিশ।
