পদ্মার দুই কাতল ও এক বাঘাইড়ের দাম ১ লাখ ৬০ হাজার
এক কাতার প্রবাসী মাছ তিনটি কিনে নিয়েছেন।
রাজবাড়ীর পদ্মায় জেলের জালে ধরা পড়া দুটি বিশাল আকারের কাতল ও একটি বাঘাইড় মাছ ১ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
সোমবার ভোরে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা ও যমুনার মোহনায় স্থানীয় জেলে সেকেন হালদারের জালে মাছ তিনটি ধরা পড়ে বলে স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান জানান।
ধরা পড়া তিনটি মাছের মধ্যে বাঘাইড়টির ওজন ২৫ কেজি এবং কাতল দুটির একটি ২৫ কেজি ও অপরটি ২২ কেজি।
মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান বলেন, শেষ রাতে সেকেন হালদার তার দল নিয়ে পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলেন। ভোররাতে জাল তুলতেই দুটি বিশাল কাতল ও একটি বাঘাইড় মাছ আটকে থাকতে দেখা যায়। সকালে মাছ তিনটি দৌলতদিয়া মৎস্য আড়তে আনা হলে আড়তদাররা সেগুলো উন্মুক্ত নিলামে তোলেন।
নিলামে প্রতি কেজি ২৩০০ টাকা দরে দুটি কাতল মোট ১ লাখ ৮ হাজার ১০০ টাকা এবং ১৬০০ টাকা কেজি দরে বাঘাইড়টি ৪০ হাজার টাকায় কিনে নেন সম্রাট শাহজাহান।
পরবর্তীতে তিনি কাতল দুটি প্রতি কেজি ২৫০০ টাকা দরে ১ লাখ ১৭ হাজার ৫০০ টাকা এবং বাঘাইড়টি ১৭০০ টাকা কেজি দরে ৪২ হাজার টাকায় এক কাতার প্রবাসীর কাছে মোট ১ লাখ ৫৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন।
