২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণ মামলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কারাগারে

শহীদুর রহমান উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন; সোমবার ছিল শেষ দিন।

ধর্ষণ মামলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কারাগারে

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক শহীদুর রহমান খানকে কারাগারে নিয়ে যায় পুলিশ।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2023, 08:59 PM

Updated : 08 May 2023, 08:59 PM

ধর্ষণ মামলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. শহীদুর রহমান খানকে কারাগারে পাঠিয়েছে আদালত। 

সোমবার খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুস সালাম খান এ আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদ আহম্মেদ জানান। 

মামলার বরাতে ফরিদ আহম্মেদ বলেন, সোনাডাঙ্গা থানায় মামলা দায়েরের পর শহীদুর রহমান উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন নিয়েছিলেন। সোমবার ছিল জামিনের শেষ দিন।

“আজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে, বিচারক তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।” 

পিপি আরও জানান, এর আগে রোববার একই মামলার অপর আসামি এই বিশ্ববিদ্যালয়ের বর্তমান রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার মাজহারুল আনোয়ারের জামিন মঞ্জুর করে আদালত। 

গত ১৩ মার্চ খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এ ওই দুজনের বিরুদ্ধে মামলার আবেদন করেছিলেন একই বিশ্ববিদ্যালয়ের এক নারী কর্মকর্তা। 

শুনানি শেষে বিচারক মামলাটি গ্রহণ করতে সোনাডাঙ্গা থানাকে নির্দেশ দেন বলে আইনজীবী ফরিদ জানান।

মামলার এজাহারের বরাতে ভুক্তভোগী নারীর আইনজীবী সুলতানা রহমান শিল্পী বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকার সময় শহীদুর রহমান বিয়ের কথা বলে ওই নারীকে একাধিকবার ধর্ষণ করেন। তাকে এ কাজে সহযোগিতা করেন রেজিস্ট্রার খন্দকার মাজহারুল। 

“পরে উপাচার্য বিয়েতে অস্বীকৃতি জানালে ওই নারী আদালতে মামলার আবেদন করেন।” 

ভুক্তভোগী ওই নারী প্রথমে বিশ্ববিদ্যালয়ের স্টোরকিপার হিসেবে চাকরি শুরু করলেও পরে তাকে উপাচার্যের কার্যালয়ে নিয়োগ দেওয়া হয় বলে আইনজীবী শিল্পী জানান। 

উপাচার্য শহীদুর রহমানের চাকরির মেয়াদ শেষ হয়েছে গত বছরের ১০ সেপ্টেম্বর। এরপর থেকে তিনি ময়মনসিংহে নিজ বাড়িতেই থাকতেন। 

আরও পড়ুন:

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যের বিরুদ্ধে ধর্ষণ মামলা