নাটোরে হাতি নিয়ে ‘চাঁদাবাজি’
পুলিশ বিষয়টি জানে না বলে দাবি করছেন গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন।
নাটোরের গুরুদাসপুরে হাতি দিয়ে পথ আটকে যানবাহন চালকদের কাছ থেকে টাকা তুলতে দেখা গেছে এক ব্যক্তিকে।
বৃহস্পতিবার গুরুদাসপুর উপজেলার নাড়িবাড়ি মোড়ে এ দৃশ্য দেখা যায়।
তবে পুলিশ বিষয়টি জানে না বলে দাবি করছেন গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুল মতিন।
সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পূর্ণবয়স্ক একটি হাতি নাটোরের গুরুদাসপুর-নাজিরপুর সড়ক ধরে চলছিল। এলাকার উৎসুক লোকজন, ছেলে-মেয়ে রাস্তার পাশে বাড়ির বাইরে দাঁড়িয়ে হাতি দেখছিল।
চলার পথে বিপরীত দিক থেকে আসা যানবাহনের সামনে পড়লে হাতিটি পথ আগলে দাঁড়ায় এবং শুঁড় তুলে চিৎকার দেয়। যতক্ষণ হাতির পিঠে থাকা ব্যক্তিকে টাকা না দেবে ততক্ষণ গাড়ি ছাড়বে না। টাকা দিলে শুঁড় দুলিয়ে ‘শুভেচ্ছা’ জানাচ্ছে হাতি।
চাঁচকৈড় বাজার থেকে মোটরসাইকেলে চাপিলা যাচ্ছিলেন বেলাল উদ্দিন। নাড়িবাড়ি এলাকায় হঠাৎ শুঁড় তুলে হাতিটি ডাক দিলে হকচকিয়ে ওঠেন তিনি। ওই সময় টাকা দাবি করেন হাতির পিঠে থাকা মাহুত। বুঝতে পেরে তিনি পকেট থেকে টাকা বের করে দেন।
টাকা দিয়ে হাফ ছেড়ে যেতে যেতে বললেন, “এটা ওদের ব্যবসা। ভয় পেয়েই টাকা দিয়ে দিয়েছি।”
হাতির শুঁড়ে টাকা গোঁজার পরে ভ্যান চালক স্বপনের মুখ যেন কালো মেঘ ভরে গেল।
বিরক্তি প্রকাশ করে বললেন, “ধরলে দিতেই হবে, না দিলে ছাড় নাই।”
নাড়িবাড়ি এলাকায় এরকম আরও কয়েকজনের পথ রোধ টাকা নেওয়ার পর হাতিওয়ালার নির্দেশে হাতিটিকে শুভেচ্ছা জানাতে দেখা গেছে।
মানুষের পথরোধ করে হাতি দিয়ে কেন টাকা তুলছেন জানতে চাইলে হাতির পিঠে বসা যুবক বলেন, “হাতি আমার না মালিকের। টাকাও মালিকের জন্যই তুলছি। এটা সার্কাসের হাতি।”
পরিচয় জানতে চাইলে জানান, নাইম নামের এই ব্যক্তি সিরাজগঞ্জের সলঙ্গা থানার জগজীবনপুর গ্রামের সামাদ শেখের ছেলে। এই বলে তিনি একটি ছুড়ে দেন।
তিনি বলেন, “হাতির মালিক কাজল মিয়া, বাড়ি সিরাজগঞ্জ। যা জানার মালিকের কাছে জেনে নেন, আমি শ্রমিক। বগুড়া থেকে হাতিটি মালিকের বাড়ি সিরাজগঞ্জে নিয়ে যাচ্ছি।”
হাতিওয়ালার দেওয়া কার্ডে দুই পৃষ্ঠায় জঙ্গলের মধ্যে হাতির ছবি। ডানপাশে সবুজ জমিনে হলুদ কালিতে লেখা, “বিয়ে, নির্বাচনী প্রচারণাসহ অন্যান্য যেকোনো অনুষ্ঠানে হাতি ভাড়া দেওয়া হয়। যোগাযোগে মামা-ভাগিনা।”
কার্ডে পাওয়া ভাগিনার নম্বরে ফোন দিয়ে হাতিওয়ালা বলছেন কিনা জানতে চাইলে প্রথমে ‘জ্বি বলছি’ বললেও পরে সাংবাদিক পরিচয় পেয়ে হাতি কার তিনি জানেন না বলে ফোন কেটে দেন।
মামার নম্বরে ফোন দিয়ে ‘হাতি দিয়ে কী করেন’ প্রশ্ন করলে নরসিংদী সদর বাদশাইলের লালু খানের ছেলে কাজল খান পরিচয় দিয়ে বলেন, “হাতি আমার না আমার বোন-জামাইয়ের। মুক্তিযোদ্ধা চান মিয়া আমার বোন জামাই। হাতি সার্কাসে ভাড়া দেই, র্যালি করাই।”
হাতিটি এখন সিরাজগঞ্জের পাশান নামের এক ব্যক্তির কাছে আছে জানিয়ে তিনি বলেন, “তবে পাশান হাতি নিয়ে কোথায় আছে সেটা আমি জানি না। মনে হয় ময়মনসিংহ আছে।”
তার বাড়ি সিরাজগঞ্জ নয় জানিয়ে কাজল খান বলেন, “হাতি দিয়ে টাকা তোলা সম্পূর্ণ নিষেধ। হাতিটা পাষানকে দেওয়া হয়েছে পালার জন্য। শহরে তো লালন-পালন করা যায় না। সার্কাস, র্যালি করে পাষান খেয়ে পরে যদি কিছু টাকা বেশি হয় – ওইটা আমরা নিই।”
হাতির পেছনে প্রতিদিন খরচের বিষয়ে কাজল বলেন, “প্রতিদিন ৭০০ থেকে ৮০০ টাকা খরচ হয় হাতির জন্য। আর হাতির দেখাশোনা করার জন্য শ্রমিক খরচ দুই থেকে তিনশ টাকা যায় প্রতিদিন।”
“হাতি দিয়ে যদি পাষান পথ রোধ করে মানুষের কাছে টাকা তোলে, তাহলে কালকেই ওকে ফোন করে বলব হাতি নিয়ে বোন জামাইয়ের বাড়ি আড়াইহাজারের চলে আসতে,” বলেন কাজল খান।
এ প্রসঙ্গে গুরুদাসপুর রোজী মোজ্জাম্মেল মহিলা কলেজের প্রভাষক মো. মাজেম আলী মলিন বলেন, “হাতি দিয়ে পথরোধ করে টাকা তোলা একটি চাঁদাবাজি। টাকা ওঠানোর জন্য এসব হাতিকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। হাতির পিঠে মাহুত নামে যে নিয়ন্ত্রক থাকে তার ইশারাতেই হাতি বোঝে কত টাকা দিলে পথ ছাড়া যাবে আর কত টাকা দিলে ডাক দিতে ভয় দেখাতে হবে।”
বিষয়টি নিয়ে প্রশ্ন করলে গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুল মতিন বলেন, এভাবে হাতি দিয়ে টাকা তোলা বেআইনি। বিষয়টি কেউ তাদের জানায়নি। কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
