খুলনার রাষ্ট্রায়ত্ত প্লাটিনাম জুট মিল চালু হচ্ছে ইজারায়
চলতি বছরের মধ্যে মিলটি চালু হতে পারে বিজেএমসির খুলনা আঞ্চলিক কার্যালয়ের সমন্বয়কারী গোলাম রব্বানী জানিয়েছেন।
প্রায় আড়াই বছর বন্ধ থাকা খুলনার রাষ্ট্রায়ত্ত প্লাটিনাম জুট মিল ইজারার মাধ্যমে চালু হবে বলে জানিয়েছে বিজেএমসি।
চলতি বছরে মিলটি চালু হতে পারে জানিয়ে বিজেএমসির খুলনা আঞ্চলিক কার্যালয়ের সমন্বয়কারী গোলাম রব্বানী বলেন, এরই মধ্যে ইজারা নেওয়া প্রতিষ্ঠান ফরচুন গ্রুপ বাংলাদেশ পাটকল করপোরেশন-বিজেএমসিকে প্রায় সাড়ে ১০ কোটি টাকা পরিশোধ করেছে।
“শিগগির তাদের সঙ্গে বিজেএমসির চুক্তি হবে। এরপর মিলটি তাদের বুঝিয়ে দেওয়া হবে। ইজারা নেওয়া প্রতিষ্ঠান পাঁচ থেকে ২০ বছর পর্যন্ত মিলটি চালাতে পারবে।”
তবে ফরচুন গ্রুপ কয়েকটি শর্ত শিথিলের জন্য চিঠি দিয়েছে – সে বিষয়গুলো বিজেএমসি বিবেচনা করছে, জানান রব্বানী।
তিনি আরও জানান, বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত স্টার, ক্রিসেন্ট, খালিশপুর, দৌলতপুর, ইস্টার্ন, যশোরের জেজেআই ও কার্পেটিং জুট মিল ইজারা দেওয়ার জন্য সম্প্রতি দরপত্র আহ্বান করা হয়েছে। দরপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ৭ ডিসেম্বর।
এর আগেও একাধিকবার দরপত্র আহ্বান করে আশানুরূপ সাড়া পাওয়া যায়নি উল্লেখ করে তিনি জানান, এ ছাড়া রাষ্ট্রায়ত্ত আলিম জুট মিলের মালিকানা নিয়ে মামলা হওয়ায় সেটি ইজারা দেওয়ার জন্য দরপত্র আহ্বান করা হয়নি।
লোকসানের কারণ দেখিয়ে ২০২০ সালের ২ জুলাই খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকল বন্ধ করে দেয় সরকার। এতে বেকার হয়ে পড়েন প্রায় ৪১ হাজার শ্রমিক-কর্মচারী। তখন ইজারার মাধ্যমে আধুনিকায়ন করে তিন মাসের মধ্যে মিলগুলো ফের চালু করার ঘোষণা দিয়েছিল বিজেএমসি। এখনও কোনো মিল চালু হয়নি।
