২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে এলইইডি সনদপ্রাপ্ত সবুজ কারখানা ৩০০ ছাড়াল

নতুন করে ১২টি পোশাক, বস্ত্র ও অ্যাকসেসরিজ কারখানা পরিবেশবান্ধব স্থাপনার সনদ পাওয়ায় বাংলাদেশে এ ধরনের কারখানার সংখ্যা বেড়ে ৩০২টি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Nov 2026, 03:20 PM

Updated : 20 Nov 2026, 03:20 PM

তৈরি পোশাক ও বস্ত্র খাতে পরিবেশবান্ধব কারখানা স্থাপনে নতুন মাইলফলক অর্জন করেছে বাংলাদেশ।

যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) পরিবেশবান্ধব স্থাপনার সনদ এলইইডি পাওয়া কারখানার সংখ্যা দেশে ৩০০ ছাড়িয়েছে।

বৃহস্পতিবার নতুন করে ১২টি তৈরি পোশাক, বস্ত্র ও অ্যাকসেসরিজ কারখানা এ সনদ পাওয়ায় বাংলাদেশে এলইইডি সনদপ্রাপ্ত কারখানার সংখ্যা বেড়ে ৩০২ হয়েছে।

ইউএসজিবিসির তথ্য অনুযায়ী, বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় বাংলাদেশে এখন সবচেয়ে বেশি এলইইডি সনদপ্রাপ্ত কারখানা রয়েছে।

দেশের ৩০২টি কারখানার মধ্যে ১৩৪টি প্লাটিনাম, ১৪৮টি গোল্ড, ১৬টি সিলভার এবং চারটি সার্টিফায়েড ক্যাটাগরির সনদ পেয়েছে।

এ ছাড়া বিশ্বের সর্বোচ্চ স্কোর পাওয়া ১০০টি এলইইডি সনদপ্রাপ্ত কারখানার মধ্যে ৫৩টিই বাংলাদেশের।

নতুন করে সনদ পাওয়া ১২টি কারখানার মধ্যে নয়টি প্লাটিনাম এবং তিনটি গোল্ড ক্যাটাগরিতে স্থান পেয়েছে।

এর মধ্যে সর্বোচ্চ ৯৭ পয়েন্ট পেয়ে প্লাটিনাম সনদ পেয়েছে ঢাকার ধামরাইয়ে অবস্থিত অ্যাডজি ট্রিমস লিমিটেড।

প্লাটিনাম সনদ পাওয়া অন্য কারখানাগুলো হল গাজীপুরের ডি অ্যান্ড এস প্রিটি ফ্যাশনস লিমিটেড (৯১ পয়েন্ট), প্রবৃদ্ধি অ্যাপারেলস (৮৮), নারায়ণগঞ্জের এফকেএল প্রিন্টিং বিল্ডিং (৮৬), গাজীপুরের এল ইউসিন ফ্যাশন (৮৫), চট্টগ্রামের ভিজ্যুয়াল ইকো স্টাইলওয়্যার (৮৪), কেডিএস অ্যাপারেলসের টেক্সটাইল অ্যান্ড ওয়াশিং ইউনিট (৮২), সাভারের ডিইপিজেড পুরাতন এলাকার প্যাক্সার বাংলাদেশ (৮২) এবং গাজীপুরের এক্সপো অ্যাকসেসরিজ লিমিটেড (৮২)।

অন্যদিকে নারায়ণগঞ্জের বর্ণালি কালেকশন্স লিমিটেডের নিটিং ইউনিট ৬৮ পয়েন্ট, চট্টগ্রামের বেস্টেক বিডি ৬৬ পয়েন্ট এবং টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত এক্সপোর্ট বিল্ডিং-২ ৬৪ পয়েন্ট পেয়ে গোল্ড সনদ পেয়েছে।

কারখানা ভবনের পরিবেশগত কার্যকারিতা, জ্বালানি ও পানির দক্ষ ব্যবহার, নির্মাণসামগ্রীর ব্যবস্থাপনা এবং ভবনের ভেতরের পরিবেশসহ বিভিন্ন বিষয় মূল্যায়ন করে এলইইডি সনদ দেওয়া হয়।

পরিবেশবান্ধব কারখানার সংখ্যা ৩০০ ছাড়ানোয় সন্তোষ প্রকাশ করে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক পরিচালক ও বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তৈরি পোশাক ও বস্ত্র খাতে বাংলাদেশের ক্রমবর্ধমান এলইইডি সনদপ্রাপ্তির সংখ্যা পরিবেশবান্ধব শিল্প অবকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে অগ্রগতির নির্দেশক।

তিনি বলেন, বিশেষ করে জ্বালানি সাশ্রয়, পানি ব্যবস্থাপনা এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব কমানোর উদ্যোগে এ ধরনের সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

“নতুন ১২টি কারখানার সনদ অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশের গ্রিন শিল্পায়নের অগ্রযাত্রায় আরও একটি মাইলফলক যুক্ত হলো।”

যেভাবে শুরু

২০১৩ সালে রানা প্লাজা ধসের পর দেশের তৈরি পোশাকশিল্পের কর্মপরিবেশ ও নিরাপত্তা নিয়ে দেশে-বিদেশে আলোচনা শুরু হয়। কারখানার নিরাপত্তা উন্নয়নের পাশাপাশি পরিবেশবান্ধব শিল্প অবকাঠামো গড়ে তোলার বিষয়েও উদ্যোক্তাদের আগ্রহ বাড়তে থাকে।

বাংলাদেশের কোনো কারখানা প্রথম এলইইডি সনদ পায় ২০১২ সালে। পাবনার ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) ভিনটেজ ডেনিম স্টুডিও ওই বছর প্লাটিনাম সনদ পায়।

এরপর দেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের আরও অনেক কারখানা এ সনদ পেয়েছে। শিল্প খাতের বাইরেও শিপইয়ার্ড, জুতা ও ইলেকট্রনিক পণ্য উৎপাদনসহ বিভিন্ন খাতে পরিবেশবান্ধব স্থাপনা গড়ে উঠছে। বাণিজ্যিক ভবনও এ সনদের আওতায় আসছে।

বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান পরিবেশবান্ধব স্থাপনার সনদ দিয়ে থাকে। এর মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্রভিত্তিক ইউএসজিবিসি। এ সংস্থা ‘লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন’ বা এলইইডি সনদ দেয়।

১৯৯৩ সালে প্রতিষ্ঠিত ইউএসজিবিসির এই সনদ শুধু কারখানার জন্য নয়; বাণিজ্যিক ভবন, স্কুল, হাসপাতাল, বাড়ি, বিক্রয়কেন্দ্র ও উপাসনালয়সহ বিভিন্ন ধরনের স্থাপনার জন্যও প্রযোজ্য।

এলইইডি সনদ পেতে নতুন ভবন নির্মাণের পাশাপাশি পুরোনো ভবন সংস্কার করেও আবেদন করা যায়। তবে প্রকল্পের ধরন ও ব্যবহৃত মূল্যায়ন পদ্ধতি অনুযায়ী সনদের শর্ত ও পয়েন্টের হিসাব ভিন্ন হতে পারে।

এলইইডি সনদের চারটি প্রধান স্তর রয়েছে—প্লাটিনাম, গোল্ড, সিলভার ও সার্টিফায়েড। ইউএসজিবিসির প্রকাশিত মানদণ্ড অনুযায়ী, ৮০ বা তার বেশি পয়েন্ট পেলে প্লাটিনাম, ৬০ থেকে ৭৯ পয়েন্টে গোল্ড, ৫০ থেকে ৫৯ পয়েন্টে সিলভার এবং ৪০ থেকে ৪৯ পয়েন্টে সার্টিফায়েড সনদ দেওয়া হয়।

এই সনদের মূল্যায়নে জ্বালানি ও পানির ব্যবহার, নির্মাণসামগ্রীর পরিবেশগত প্রভাব, বর্জ্য ব্যবস্থাপনা এবং ভবনের ভেতরের পরিবেশের মতো বিষয় বিবেচনা করা হয়। ফলে সনদ পেতে স্থাপনার নকশা, নির্মাণ ও পরিচালনায় পরিবেশগত মানদণ্ড অনুসরণ করতে হয়।