নরসিংদীতে নিহত সবাই এক কারখানার কর্মী, যাচ্ছিলেন বেড়াতে
পুলিশের ধারণা, মাইক্রোবাসটি দ্রুতগতিতে অন্য কোনো গাড়িকে পাশ কাটাতে গিয়ে দুর্ঘটনায় পড়ে।
নরসিংদীর শিবপুরে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের যে সাত যাত্রীর প্রাণ গেছে, তারা সবাই সাভারের এসবি নিটিং লিমিটেড নামের একটি পোশাক কারখানার কর্মী ছিলেন।
দলবল নিয়ে সিলেট ভ্রমণের জন্য বৃহস্পতিবার মাইক্রোবাস নিয়ে বেরিয়েছিলেন তারা, কিন্তু রাত আড়াইটার দিকে নরসিংদীতে দুর্ঘটনায় পড়ে তারা ফিরেছেন লাশ হয়ে।
এসবি নিটিং লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) মীর শেহাব উদ্দিন জাকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের কারখানার চালকসহ ১১ জন স্টাফ ভ্রমণের জন্য সিলেট যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন। এতে সাতজনের মৃত্যু হয়। আহত চারজনকে ঢাকায় চিকিৎসা দেওয়া হচ্ছে।”
নিহতরা হলেন- টাঙ্গাইলের দেলদুয়ারের মীর কুমুল্লী এলাকার মোতাহের হোসেনের ছেলে মীর নাজমুল হক সবুজ (৩০), ঝালকাঠির রাজাপুরের পারগোপারপুর এলাকার আবদুল গনি হাওলাদারের ছেলে আল আমিন (২৯), গাজীপুরের কালিয়াকৈরের লতিফপুর গ্রামের আইয়ুব খানের ছেলে আল আমিন খান (২৭), মাদারীপুরের কালকিনির উত্তর কৃষ্ণনগর গ্রামের তোফায়েল হাওলাদারের ছেলে আবদুল আওয়াল (৩৭), বরিশালের মুলাদীর মুলাদী গ্রামের মো. মজিবর সিকদারের ছেলে রায়হান শিকদার ওরফে আরিয়ান (২৪), জামালপুর সরিষাবাড়ির ধারাবর্ষা গ্রামের দুদু মিয়ার ছেলে রাজু আহমেদ (৩৬) এবং গাজীপুরের শারাব এলাকার নুরুল মোল্লার ছেলে বাবুল হোসেন (৩৭)। তাদের লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রয়েছে।
এছাড়া সাকিব আহমেদ (২৮), পারভেজ (২৯), দোয়েল (২২) ও মিথুন (৩৫) নামে ওই কারখানার চারজন হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নরসিংদী সদর থানার ওসি হারুন অর রশিদ জানান, সদর হাসপাতাল মর্গে রাখা সাতজনের মরদেহ শনাক্ত করেছে পরিবারের সদস্যরা। পরিবারের আবেদনের ভিত্তিতে নিয়মানুযায়ী লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
দ্রুত গতি আর ‘ওভারটেকিংয়ে’ দুর্ঘটনা, ধারণা পুলিশের
হাইওয়ে পুলিশ জানায়, সাভার থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটি যাচ্ছিল সিলেটের দিকে। নরসিংদীর শিবপুরের ঘাসিরদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সেসময় ঘটনাস্থলেই পাঁজনের মৃত্যু হয়। গুরুতর আহত ছয়জনকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান আরও দুজন। আহত বাকি চারজনকে পরে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাহমুদুল কবির বাশার বলেন, “রাত আড়াইটার দিকে প্রথমে কয়েকজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে একজন মৃত ছিল, পরে আরও একজন মারা যায়। এর কিছুক্ষণ পর আরও পাঁচজনের মরদেহ নিয়ে আসা হয়।”
দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন হাইওয়ে পুলিশ গাজীপুর অঞ্চলের সুপার মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, “মাইক্রোবাসটি অন্য কোনো গাড়িকে পাশ কাটিয়ে দ্রুতবেগে যাওয়ার সময় ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
ট্রাক জব্দের পাশাপাশি এর চালককে আটক করা হয়েছে। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান এই কর্মকর্তা।
আরও পড়ুন-
