২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ৭ জন নিহত

মাইক্রোবাসটির বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2023, 09:17 AM

Updated : 25 Aug 2023, 09:17 AM

নরসিংদীর শিবপুরে ঢাকা সিলেট মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জনের প্রাণ গেছে; আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে শিবপুরের ঘাসিরদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাড়ির এসআই আবুল খায়ের জানান।

তিনি বলেন, হতাহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

ঘটনাস্থলে উদ্ধার কাজে থাকা ফায়ার সার্ভিস কর্মীরা জানান, সাভার থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটি সিলেট যাচ্ছিল। শিবপুরের ঘাসিরদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবাহী ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়। গুরুতর আহত অবস্থায় ৬ জনকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যায় আরও দুই জন। আহত বাকি ৪ জনকে পরে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

এসআই আবুল খায়ের বলছেন, মাইক্রোবাসটির বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। ট্রাকটি জব্দ করার পাশাপাশি চালককে আটক করা হয়েছে।