নরসিংদী জেলা বিএনপির এক নেতা গ্রেপ্তার
নাশকতা ও বিস্ফোরক মামলায় মনজুর এলাহীকে গ্রেপ্তার করা হয় বলে জানান ডিবির ওসি।
নরসিংদীতে নাশকতা ও বিস্ফোরক মামলায় জেলা বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে ডিবি।
সোমবার বিকালে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নরসিংদী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি খোকন চন্দ্র সরকার জানান।
গ্রেপ্তার মনজুর এলাহী নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
ডিবির ওসি খোকন বলেন, নাশকতা ও বিস্ফোরক মামলায় মনজুর এলাহীকে গ্রেপ্তার করা হয়েছে।
নরসিংদী সদর থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া বলেন, শনিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে সদর উপজেলার চিনিশপুর এলাকায় জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদার হোসেন এর বাড়িতে অভিযান চালানো হয়।
“এসময় সমবেত হয়ে নাশকতার উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটানো, বিস্ফোরক উদ্ধার ও পুলিশের কাজে বাধা দানের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ৪২ জনের নাম উল্লেখসহ কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়।
এ মামলার আসামি জেলা বিএনপির সদস্য সচিব মনজুরকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
