২৪ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩

তরুণকে ডেকে এনে হত্যার পর দরজা আটকে বাড়িতেই ছিলেন যুবক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্ণিমাগাঁতি ইউনিয়নের খোশালপুর গয়হাট্টা গ্রাম থেকে নিহতের লাশ উদ্ধার ও যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

তরুণকে ডেকে এনে হত্যার পর দরজা আটকে বাড়িতেই ছিলেন যুবক

গ্রেপ্তার হওয়া মারুফ বিন হাবিব তালুকদার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Oct 2026, 04:47 PM

Updated : 24 Oct 2026, 04:51 PM

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাড়িতে ডেকে নিয়ে এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরেক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে পূর্ণিমাগাঁতি ইউনিয়নের খোশালপুর গয়হাট্টা গ্রাম থেকে নিহতের লাশ উদ্ধার ও যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন উল্লাপাড়া মডেল থানার ওসি মেহেদী হাসান।

নিহত আকরাম হোসেন সরকার (১৯) ওই ইউনিয়নের কোনাগাতি গ্রামের রহিম সরকারের ছেলে। গ্রেপ্তার হওয়া মারুফ বিন হাবিব তালুকদার (২৭) খোশালপুর গয়হাট্টা গ্রামের নুর মোহাম্মদ তালুকদারের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আসাব আলী বলেন, শুক্রবার দুপুরে আকরামকে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায় মারুফ। পরে আকরামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর দরজা-জানালা বন্ধ রেখে নিজের শয়নকক্ষে অবস্থান নেয় সে।

বিষয়টি টের পেয়ে স্থানীয়রা মারুফকে বারবার ডাকাডাকি করেন। কিন্তু সাড়া না দেওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়।

ওসি মেহেদী হাসান বলেন, খবর পেয়ে শুক্রবার রাত ১০টার পর ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার এবং মারুফ তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে।

“তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা জানা যায়নি। মারুফের বাসার লোকজন পলাতক রয়েছে।”

এ ঘটনায় নিহত আকরামের বাবা আব্দুর রহিম বাদী হয়ে থানায় মামলা করেছেন। তিনি বলেন, “আমার ছেলেকে কেন ডেকে নিয়ে গেল আর কেন হত্যা করেছে, তা আমি বুঝতে পারছি না।”

ছেলে হত্যায় জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেছেন তিনি|

ওসি মেহেদী হাসান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।