১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটের বিএনপি নেতাকে গাড়ি আটকে তুলে নেওয়ার অভিযোগ, দুজনকে মারধর

এ সময় তার সঙ্গে থাকা দুজনকে মারধর করে ছেড়ে দেওয়া হয়েছে।

বাগেরহাটের বিএনপি নেতাকে গাড়ি আটকে তুলে নেওয়ার অভিযোগ, দুজনকে মারধর

বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 08:22 PM

Updated : 19 Nov 2026, 08:22 PM

বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজিকে গাড়ি থেকে নামিয়ে তুলে নেওয়ার অভিযোগ ওঠেছে। এ সময় তার সঙ্গে থাকা দুজনকে মারধর করে ছেড়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে খুলনা-মাওয়া মহাসড়কের বাগেরহাটের ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।

এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, “নিখোঁজ মনিরুল হক ফরাজীকে উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে।”

বিএনপি নেতারা বলেন, মনিরুল ইসলাম ফরাজী, শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন প্রাইভেট কারে করে ঢাকা থেকে বাগেরহাট ফিরছিলেন। গাড়িটি চালাচ্ছিলেন হাসান।

বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন বলেন, “পথে কয়েকটি স্থানে সড়কের ওপর গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। বাধা পেরিয়ে ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে অস্ত্রধারী কয়েকজন গাড়ির গতিরোধ করে। একপর্যায়ে তারা গাড়ি ভাঙচুর করে এবং সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে মোবাইল ফোন ও মানিব্যাগ তল্লাশি করে আমাদের মারধর করা হয়।”

তিনি বলেন, একপর্যায়ে তাকে ও গাড়িচালক হাসানকে ছেড়ে দেওয়া হলেও মনিরুল হক ফরাজিকে আটকে রাখে হামলাকারীরা। মনিরুলের মোবাইল ফোনে প্রধানমন্ত্রীর ছবিসহ দলীয় কার্যক্রমের ছবি দেখতে পেয়ে হামলাকারীরা তাকে লক্ষ্য করে ‘বিএনপি-বিএনপি’ বলে চিৎকার করতে থাকে। পরে তাকে ধরে নিয়ে যায়। তখন প্রাণ বাঁচাতে তারা দুজন গাড়ি ফেলে সেখান থেকে চলে আসেন।

শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন বর্তমানে মোল্লাহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশীদের কার্যালয়ে রয়েছেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরেও ফোন করে অভিযোগ করা হয়েছে। মনিরুল হক ফরাজিকে উদ্ধারে দলীয়ভাবেও চেষ্টা চলছে বলে জেলা বিএনপির এক নেতা জানান।

বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এ টি এম আকরাম হোসেন তালিম বলেন, “ময়েন আমাকে মনিরুল হক ফরাজিকে অপহরণের বিষয়টি জানিয়েছেন। তাকে উদ্ধারে প্রশাসনের পাশাপাশি দলীয়ভাবে চেষ্টা চলছে এবং বিষয়টি সবাইকে জানানো হয়েছে।”