টাঙ্গাইলে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেপ্তার
“ঈদের আগের দিন আলিসা শ্বশুরবাড়ি থেকে ছেলেমেয়েকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে আসেন।“
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বিকালে উপজেলার নরুন্দা গ্রামে এ ঘটনা ঘটে বলে দেলদুয়ার থানার ওসি নাছির উদ্দিন মৃধা জানান।
২৬ বছর বয়সী নিহত আলিসা বেগম ওই গ্রামের আবেদিন মিয়ার মেয়ে। গ্রেপ্তারকৃত রাশেদ মিয়া টাঙ্গাইল সদর উপজেলার পয়লা গ্রামের সোনা মিয়ার ছেলে। রাশেদ ঢাকায় গাড়ির মিস্ত্রি হিসেবে কাজ করেন।
পরিবারের বরাত দিয়ে ওসি জানান, ঈদের আগের দিন আলিসা শ্বশুরবাড়ি থেকে তিন ছেলেমেয়েকে নিয়ে বাবার বাড়ি নরুন্দা পুর্বপাড়ায় আসেন। রোববার দুপুরে রাশেদ এসে ছেলেমেয়েদের নিয়ে যান।
“সোমবার বিকেলে আলিসা তার বাবার বাড়িতে ঘরে শুয়ে ছিলেন। এ সময় রাশেদ শ্বশুরবাড়ি এসে স্ত্রী আলিসাকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়।
ওসি আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।
