মাগুরায় ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ, পুলিশ হেফাজতে স্ত্রী
ভোরে রাব্বিকে হত্যা করে তার স্ত্রী বাবার বাড়ি চলে যান বলে অভিযোগ স্বজনদের।
মাগুরা শ্রীপুর উপজেলা নিজ ঘর থেকে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
শুক্রবার ভোরে উপজেলার আম্বলসার ইউনিয়নে টিকারবিলা মণ্ডল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শ্রীপুর থানার ওসি ওলি মিয়া।
নিহত রাব্বি মণ্ডল (৩৫) ওই গ্রামের নজরুল মণ্ডলের ছেলে। আটকের নাম ফারজানা আক্তার (২৭)।
পুলিশ ও স্বজনরা জানান, বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে সন্তানকে নিয়ে এককক্ষে ঘুমিয়ে পড়েন তারা। ভোরে রাতে ফারজানা ধারাল অস্ত্র দিয়ে রাব্বির গলা কেটে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে।
এলাকাবাসী জানান, ভোরে ফারজানা বাবার বাড়িতে চলে যান। পরে বাব্বির শ্বশুর ফোনে তার বাবাকে ঝগড়া-বিবাদের কথা জানান। সেইসঙ্গে ঘরে গিয়ে মেয়ের জামাইকে দেখতে বলেন।
বাব্বির বাবা ঘরে গিয়ে দেখেন তার সন্তানের গলা কাটা মৃতদেহ খাটের উপর পড়ে আছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়। সেইসঙ্গে বাব্বির স্ত্রীকে থানা হেফাজতে নেওয়া হয়।
ওসি ওলি মিয়া বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
