১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ফ্ল্যাট থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হেফাজতে স্বামী

এ ঘটনায় স্বামীর বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছে পরিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Oct 2026, 05:56 PM

Updated : 25 Oct 2026, 06:56 PM

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ফ্ল্যাট বাসা থেকে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত ফারজানা ইসলাম (২৫) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের স্নাতকের শিক্ষার্থী ছিলেন।

শনিবার রাতে ভূঁইগড় এলাকার একটি তিনতলা ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন।

নিহত ফারজানার স্বামী নাজমুল ইসলাম একই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

পুলিশ ও নিহতের পরিবারের জানায়, প্রেমের সম্পর্কে তিন বছর আগে ফারজানা ও নাজমুলের বিয়ে হয়। ফারজানা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মুসুল্লিবাড়ি এলাকার রফিকুল ইসলামের মেয়ে। আর নাজমুল কুমিল্লার কচুয়া উপজেলার নুরপুর এলাকার খোরশেদ আলমের ছেলে।

ফারজানার বড় ভাই আরিফুল ইসলাম বলেন, পরিবারের সম্মতিতেই তাদের বিয়ে হয়েছিল। বিয়ের পর কয়েক মাস নাজমুল কর্মহীন থাকলেও তাদের সংসারের খরচ বহন করত ফারজানার পরিবার।

আরিফুলের ভাষ্য অনুযায়ী, প্রায় দেড় বছর আগে চাকরির সুবাদে নাজমুল মুন্সিগঞ্জে একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন। পরে নারায়ণগঞ্জের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নিয়ে সেখানে চলে যান।

পুলিশ পরিদর্শক আনোয়ার বলেন, এ দম্পতির ফ্ল্যাটের শয়নকক্ষে একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে ফারজানা ‘আত্মহত্যা’ করছেন এবং আত্মহত্যার কারণ হিসেবে স্বামীর বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন। তবে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করছেন পরিবারের সদস্যা।

তিনি বলেন, মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। নিহতের স্বামীকে পুলিশের হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরিবারের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে এ ঘটনায় মামলা দায়ের করা হবে।