৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

বগুড়ায় শ্বশুরবাড়িতে যুবকের গলাকাটা লাশ, স্ত্রী-শাশুড়ি আটক

বকুলের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও নারী নির্যাতনের ঘটনায় মোট পাঁচটি মামলা রয়েছে।

বগুড়ায় শ্বশুরবাড়িতে যুবকের গলাকাটা লাশ, স্ত্রী-শাশুড়ি আটক

বগুড়া সদর থানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 30 Sep 2026, 09:16 PM

Updated : 30 Sep 2026, 09:16 PM

বগুড়া সদরে শ্বশুরবাড়িতে এক যুবককে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে; যার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুর ২টার দিকে শহরের ঝোপগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি বাড়ি থেকে যুবকের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী।

নিহত রাকিবুল হাসান বকুল (৩৯) সদর উপজেলার নিশিন্দারা উত্তরপাড়া এলাকার আব্দুল গনির ছেলে।

আটকরা হলেন- বকুলের স্ত্রী পারভীন আক্তার ও শাশুড়ি বুলবুলি।

প্রতিবেশী ও স্বজনরা জানান, ১৭ বছর আগে পারভিনের সঙ্গে বকুলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বকুল ও তার স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিসে মীমাংসা হলেও স্থায়ী সমাধান হয়নি। বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগও করা হয়েছিল বলে স্থানীয়রা জানান।

স্থানীয়দের ভাষ্য, দুই পরিবারের বিরোধ মীমাংসার জন্য দুই দিনের মধ্যে আবারও সালিস বসার কথা ছিল। এর মধ্যে দুপুরে পারভীনের বাবার বাড়ির সামনে যান বকুল। সেখানে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বকুলের কথা-কাটাকাটি হয়।

এক পর্যায়ে শ্বশুরবাড়ির লোকজন বকুলকে একটি ঘরে নিয়ে গলা কেটে হত্যা করেন বলে অভিযোগ প্রতিবেশীদের।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বকুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি ইব্রাহিম আলী বলেন, বকুলের বিরুদ্ধে অস্ত্র আইনে দুটি, মাদকের ঘটনায় দুটি এবং একটি নারী নির্যাতনের ঘটনায় একটি মামলা রয়েছে।

বকুলের চাচা সাইফুল ইসলাম বলেন, “আমরা অনেকবার দেখেছি, আমার ভাতিজাকে নির্যাতন করা হয়েছে। আমার ভাতিজাকে নির্মমভাবে গলা কেটে হত্যা করা হয়েছে।”

ওসি ইব্রাহীম আলী বলেন, হত্যার প্রধান কারণ জানা যায়নি। এ ঘটনায় দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।