পেয়ারা পাড়তে গিয়ে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু
গাইবান্ধায় পেয়ারা গাছের ডাল ভেঙে পুকুরে পড়ে তারা মারা যায় বলে ধারণা করেছেন স্বজনরা।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পুকুর পাড়ের গাছ থেকে পেয়ারা পাড়তে গিয়ে ডাল ভেঙে পানিতে ডুবে দুই শিশুর প্রাণ গেছে।
শুক্রবার দুপুরে উপজেলার বেতকাপা ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে বেতকাপা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান।
নিহত চার বছর বয়সি রাফিয়া মনি সাতারপাড়া গ্রামের রায়হান মিয়ার মেয়ে এবং সাত বছর বয়সি সাদিয়া আকতার রুম্পা একই গ্রামের সুলতান মিয়ার মেয়ে। তারা সম্পর্কে চাচাতো বোন।
পরিবারের বরাতে ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর বলেন, শুক্রবার দুপুরে সাতারপাড়া গ্রামে সবার অজান্তে বাড়ির পাশে পুকুর পাড়ে গাছে পেয়ারা পাড়তে ওঠে রাফিয়া ও সাদিয়া। এরপর থেকে তারা নিখোঁজ ছিল।
খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে তাদের ভাসতে দেখেন স্বজনরা; পরে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে তিনি জানান।
ইউপি চেয়ারম্যান আরও বলেন, পেয়ারা গাছের ডাল ভেঙে পুকুরে পড়ে পানিতে ডুবে তারা মারা যায় বলে ধারণা করেছেন স্বজনরা।
