জামালপুরে ছাগলের খাবারের পাতা পাড়তে গিয়ে একজনের মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে মাটিতে পড়ে গিয়ে সেখানেই তার মৃত্যু হয়।
জামালপুরের মেলান্দহ উপজেলায় ছাগলকে খাওয়ানোর জন্য কাঁঠাল পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে মাহমুদপুর ইউনিয়নের নলছিয়া গ্রামের এ ঘটনা ঘটে বলে মাহমুদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই বেলাল হোসেন জানিয়েছেন।
মৃত ৫৫ বছর বয়সী গোলাম রাব্বানী শেখ ওই গ্রামের আশরাফ আলী শেখের ছেলে।
নিহতের ভাই আব্দুস সালাম বলেন, “ছাগলকে খাওয়ানোর জন্য কাঁঠালের পাতা পাড়তে গাছে উঠে রাব্বানী। এ সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে পড়ে গিয়ে সেখানেই মারা যায় তিনি। পরে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যাই।”
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে এএসআই বেলাল হোসেন জানিয়েছেন।
