১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে পুড়ে যুবকের মৃত্যু

ভোরে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে সঞ্চালন লাইনের নিচে পুড়ে যাওয়া মরদেহ পড়ে থাকতে দেখেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Nov 2026, 11:17 AM

Updated : 14 Nov 2026, 11:17 AM

নরসিংদী শহরের উচ্চ ক্ষমতার বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটিতে উঠে তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার ভোর ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে শহরের বাসাইল রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নরসিংদী মডেল থানার এসআই নজরুল ইসলাম।

নিহতের পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ভোরে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে সঞ্চালন লাইনের নিচে একজনের পুড়ে যাওয়া মরদেহ পড়ে থাকতে দেখেন।

ধারণা করা হচ্ছে, যুবক বিদ্যুতের খুঁটিতে উঠে সঞ্চালন লাইনের তার চুরির চেষ্টা করেন। কিন্তু বিদ্যুৎ সংযোগ সচল থাকায় তার কাটতে গিয়ে লাইনে আগুন ধরে যায় এবং যুবকও পুড়ে নীচে পড়ে যান।

পরে পুলিশকে খবর দেওয়া হয়।

এসআই নজরুল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।