শেরপুরের মহাসড়কে গাছের গুঁড়ি রেখে জনদুর্ভোগ, ৫ জনের জরিমানা
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, মহাসড়ক আইন, ২০২১ অনুযায়ী তাদের মোট ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শেরপুরের নকলা উপজেলায় মহাসড়কে গাছের গুঁড়ি রেখে জননিরাপত্তায় বিঘ্ন সৃষ্টির দায়ে পাঁচজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার উপজেলার চন্দ্রকোনা-নারায়ণখোলা মহাসড়কের চরমধুয়া এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম।
জরিমানা প্রাপ্তরা হলেন উপজেলার চরমধুয়া গ্রামের মারুফ হাসান, একই এলাকার জুয়েল মিয়া, স্বপন, শাহীন ও সোহেল রানা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, মহাসড়ক আইন, ২০২১ অনুযায়ী তাদের মোট ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
“সড়কে শৃঙ্খলা বজায় রাখা, দুর্ঘটনা প্রতিরোধ এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এ সময় আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. নাদিউর রহমান ও নকলা থানার এসআই মাজহারুল ইসলাম।
