০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

রাজধানীতে ডিমের বাজারে অভিযান, ফুটপাত দখলের দায়ে জরিমানা

ব্যবসায়ীদের ডিমের বিক্রয়মূল্য ও পাইকারি রসিদ যাচাই করে অতিরিক্ত দাম না নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Oct 2026, 05:38 PM

Updated : 03 Oct 2026, 05:38 PM

ডিমের দাম সহনীয় রাখতে রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

এ সময় ফুটপাত দখলের দায়ে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ডিএসসিসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার ফকিরাপুল, কাপ্তান বাজার, বাসাবো বউ বাজার ও নবাবগঞ্জ বাজারসহ বেশ কয়েকটি এলাকায় অভিযান চলে।

অঞ্চল-দুই এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আবু আসলামের নেতৃত্বে চার নম্বর ওয়ার্ডের বাসাবো বউ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। সেখানে ব্যবসায়ীদের ডিমের বিক্রয়মূল্য ও পাইকারি রসিদ যাচাই করে অতিরিক্ত দাম না নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়।

পাশাপাশি ফুটপাত দখল করে রাখা মালামাল সরিয়ে, আইন অমান্য করায় দুটি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

একই দিন ফকিরাপুল বাজারে ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবা খান এবং কাপ্তান বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম তদারকি কার্যক্রম চালান।

তারা ডিমের সরবরাহ পরিস্থিতি খতিয়ে দেখেন এবং কৃত্রিম সংকট তৈরি না করতে ব্যবসায়ীদের সতর্ক করেন।

এছাড়া অঞ্চল-তিন এর ২৩ নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ বাজারে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আক্তার উননেছা শিউলী এবং অঞ্চল-পাঁচ এর সাত নম্বর ওয়ার্ডের কাঁচাবাজারে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জয়নাল মোল্লা বাজার মনিটরিংয়ে নেতৃত্ব দেন।