সিরাজগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ
আশ্রয়ণ প্রকল্পে বালি সরবরাহকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যান ও সদস্যের মধ্যে দ্বন্দ্বের জেরে হামলা হতে পারে বলে ধারণা পুলিশের।
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এক চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করায় এক ইউনিয়ন পরিষদের সদস্যকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
শুক্রবার বিকালে উপজেলার তামাই বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে বেলকুচি থানার ওসি খায়রুল বাশার জানান।
আহত আব্দুর রাজ্জাক উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আব্দুর রাজ্জাক বলেন, “শুক্রবার বিকালে তামাই গ্রামে এক আত্মীয়ের কুলখানি অনুষ্ঠান থেকে ফেরার পথে ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে কয়েকজন লোক আমার ওপর হামলা চালায়। হামলাকারীরা দেশি অস্ত্র দিয়ে আমার মাথা কুপিয়ে জখম করেছেন।”
আব্দুর রাজ্জাকের অভিযোগ, “উত্তর বানিয়াগাঁতীতে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে আমাকে সভাপতি মনোনীত করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে ইউপি চেয়ারম্যান জহুরুল প্রকল্পের কাজে বাঁধা দেওয়ার চেষ্টা করেন।
“এ ছাড়া বিভিন্ন সময় চেয়ারম্যান চাঁদা দাবি করলে গত ৩ অগাস্ট সিরাজগঞ্জ আদালতে জহুরুলের বিরুদ্ধে মামলা করি। মামলার পর থেকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন তিনি। এরই জের ধরে আমার ওপর হামলা করা হয়েছে।”
হামলার বিষয়টি অস্বীকার করে ইউপি চেয়ারম্যান জহুরুল বলেন, “আমার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে বিষয়টি জানতাম না। আর মেম্বার রাজ্জাকের ওপর হামলার ব্যাপারেও আমি কিছুই জানি না। ষড়যন্ত্রমূলকভাবে আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে।”
শনিবার দুপুরে ওসি খায়রুল বাশার বলেন, “শুক্রবার বিকাল ৪টার দিকে ইউপি সদস্য আব্দুর রাজ্জাক রক্তাক্ত অবস্থায় থানায় আসেন। তাকে চেয়ারম্যানের লোকজন কুপিয়ে আহত করেছে বলে তিনি অভিযোগ করেন। পরে তাকে হাসপাতালে পাঠাই।”
“খোঁজ নিয়ে জানতে পারি আশ্রয়ণ প্রকল্পে বালু সরবরাহকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝামেলা হয়েছে; এমনকি মামলাও চলছে। এসব নিয়ে মারধরের ঘটনা ঘটতে পারে।”
এ বিষয়ে এখনো থানায় কেউ অভিযোগ করেনি বলে জানান ওসি খায়রুল।
