নেত্রকোণায় ২ মোটরসাইকেলের সংঘর্ষে নারী নিহত
ওসি লুৎফুল জানান, তিনজন দশধার এলাকা থেকে মোটরসাইকেলে নেত্রকোণা যাচ্ছিলেন।
নেত্রকোণায় দুইটি মোটরসাইকেলের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।
বুধবার ভোর রাতে নেত্রকোণা শহরের রাজুর বাজার এলাকায় এই দুর্ঘটনা হয় বলে জানান নেত্রকোণা মডেল থানার ওসি লুৎফুল হক।
নিহত ৩০ বছরের সাহারা খাতুন ঢাকার ডেমরার পশ্চিমবক্স সারুলিয়া এলাকার জাহের আলীর মেয়ে।
আহতরা হচ্ছেন- মোটরসাইকেলের চালক নেত্রকোণার দশধার এলাকার আবু সেমার ছেলে জনি খান (২২) ও বারহাট্টা উপজেলার কাশতলা গ্রামের আব্দুল মতিনের স্ত্রী ফেরদৌসী আক্তার (৪২)।
স্থানীয়দের বরাতে ওসি লুৎফুল জানান, তারা তিনজন দশধার এলাকা থেকে মোটরসাইকেলে নেত্রকোণা যাচ্ছিলেন। পথে রাজুরবাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়।
এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান সাহারা খাতুন। আহত হন চালক ও অপর আরোহী।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠিয়েছে বলে জানান ওসি।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]
