২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ট্রলারে ১০ মরদেহ: `দস্যু সর্দার’ গ্রেপ্তার

নাজিরারটেক উপকূলে নিয়ে আসা ট্রলারের হিমঘরে পাওয়া যায় হাত-পা বাঁধা ১০ জনের মরদেহ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2023, 06:34 PM

Updated : 20 Oct 2023, 06:34 PM

কক্সবাজারের নাজিরারটেক উপকূলে ট্রলার থেকে ১০ মরদেহ উদ্ধারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। যাকে ‘দস্যু সর্দার’ বলছে পুলিশ।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (গোয়েন্দা) দুর্জয় বিশ্বাস।

গ্রেপ্তার খাইরুল বশর সুমন মিয়া মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপের মোস্তাক আহমদের ছেলে। সুমন প্রথম দফায় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণকারী জলদস্যুদের একজন।

গত ২৩ এপ্রিল কক্সবাজারের একটি ট্রলার সাগরে ভাসমান থাকা নামবিহীন অপর একটি ট্রলার নাজিরারটেক উপকূলে নিয়ে আসে। সেই ট্রলারের হিমঘরে পাওয়া যায় হাত-পা বাঁধা ১০ জনের মরদেহ।

এ ঘটনায় ২৫ এপ্রিল নামবিহীন ট্রলারটির মালিক নিহত সামশুল আলম প্রকাশ সামশু মাঝির স্ত্রী রোকেয়া বেগম বাদি হয়ে চার জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬০ জনের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় হত্যা মামলা দায়ের করেছিলেন।

ঘটনার তদন্ত সংশ্লিষ্টরা জানান, এ ঘটনার পর থেকে তদন্তে ‘দস্যু সর্দার’ সুমনের নাম নানাভাবে আসতে থাকে। পুলিশও তাকে গ্রেপ্তারের জন্য নানাভাবে অভিযান শুরু করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা দুর্জয় জানান, ট্রলারের হিমঘর থেকে মরদেহ উদ্ধারের পরই সুমন আত্মগোপনে চলে যায়। পরিচয় গোপন করতে মুখে দাঁড়ি রেখে ছদ্মবেশও ধারণ করে। কিন্তু তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন অস্ত্র-সরঞ্জাম ও অর্থযোগান দিয়ে ৭ এপ্রিল ১২-১৩ জনের একটি দলকে সাগরে ডাকাতির উদ্দেশ্যে পাঠিয়েছিল বলে স্বীকার করেছেন।

“এতে নেতৃত্ব দিয়েছিল ঘটনায় নিহত ট্রলার মালিক শামসুল আলম মাঝি। জিজ্ঞাসাবাদে সুমন বলেছে ‘আমি তাদের ডাকাতি করতে পাঠিয়ে ছিলাম, মরার জন্য না’।”

১০ মরদেহ উদ্ধারের ঘটনায় এখন পর্যন্ত পুলিশ আট জনকে গ্রেপ্তার করেছে। যার মধ্যে ছয় জন ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি প্রদান করেছেন।

তারা হলেন, মামলার এজাহারের প্রধান আসামি বাইট্টা কামাল, বাঁশখালীর বাসিন্দা ফজল কাদের মাঝি ও আবু তৈয়ুব মাঝি, মহেশখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খায়ের হোসেন, চকরিয়ার বদরখালী এলাকার মো. নূর নবীর ছেলে গিয়াস উদ্দিন মুনির, মাতারবাড়ী ইউনিয়নের সাইরার ডেইল এলাকার এস্তেফাজুল হকের ছেলে দেলোয়ার হোসেন।

গ্রেপ্তারদের মধ্যে মামলার ৪ নম্বর আসামি করিম সিকদার ও বাইট্টা কামালের ভাই ইমাম হোসেন জবানবন্দি প্রদান করেননি।

পুলিশ কর্মকর্তা দুর্জয় আরও জানান, গ্রেপ্তারের পর সুমনকে কক্সবাজারে আনা হয়েছে। তাকে রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]