১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে ‘ভুল চিকিৎসায়’ মুক্তিযোদ্ধার মৃত্যু: মামলার আড়াই মাসেও গ্রেপ্তার নেই কেউ

আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন করেছে নাগরিক সমাজ, মুক্তিযোদ্ধা সংসদ ও সাংবাদিকরা।

হবিগঞ্জে ‘ভুল চিকিৎসায়’ মুক্তিযোদ্ধার মৃত্যু: মামলার আড়াই মাসেও গ্রেপ্তার নেই কেউ

হবিগঞ্জে শহরে ‘ভুল চিকিৎসায়’ এক মুক্তিযোদ্ধার মৃত্যুর ঘটনায় করা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 04:34 PM

Updated : 17 Nov 2026, 04:34 PM

হবিগঞ্জে শহরের একটি বেসরকারি হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ এক মুক্তিযোদ্ধার মৃত্যুর ঘটনায় করা মামলার আড়াই মাসেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শহরের জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে নাগরিক সমাজ, মুক্তিযোদ্ধা সংসদ, সাংবাদিক ও সন্তান কমান্ডের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

২৪ অগাস্ট শহরের শহরের চাঁদের হাসি হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা যান হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জ সমাচারের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক। পরে এ ঘটনায় ভুল চিকিৎসার অভিযোগ তুলে মামলা করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, চাঁদের হাসি হাসপাতালের চিকিৎসক মো. সোলাইমান মিয়া ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আল আমিনের ‘অপচিকিৎসায়’ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যু হয়।

এ ঘটনায় মামলা করা হলেও এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন আসামিরা। তাদেরকে কেন আইনের আওতায় আনা হচ্ছে না এমন প্রশ্ন সাধারণ জনগণের।

অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা না হলে, আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হুঁশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধনে হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক এনাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক জিয়াউল আহসান, হবিগঞ্জ জেলা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাসুদ করিম আখঞ্জী, হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি রাসেল চৌধুরী, আইনজীবী শামসু মিয়া চৌধুরী, মুরারী ধর, হবিগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, মহসিন শিকদার, আব্দুল মোতালিব মমরাজ এবং বীর মুক্তিযোদ্ধা পাঠান বাবুল বক্তব্য দেন।

হবিগঞ্জ সদর থানার ওসি জাহিদুল হক বলেন, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা মৃত্যুর ঘটনায় অবহেলাজনিত কারণ দেখিয়ে মামলা হয়েছে। আসামিরা উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছেন। বিষয়টি খোঁজ-খবর নিয়ে বিস্তারিত জানা যাবে।