মাদারীপুরে স্বতন্ত্রের এজেন্টকে কুপিয়ে জখম, অভিযোগ নৌকার বিরুদ্ধে
ওই নারী ঈগলের এজেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ায় নৌকার সমর্থকরা ক্ষিপ্ত ছিলেন বলে দাবি স্বতন্ত্র প্রার্থীর।
মাদারীপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের এক নারী এজেন্টকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে।
শুক্রবার দুপুরে কালকিনি উপজেলার দক্ষিণ ঠেঙ্গামারা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কালকিনি থানার ওসি আবদুল্লাহ আল মামুন।
আহত শোভা আক্তার (৪০) একই এলাকার করিম হাওলাদারের স্ত্রী। তিনি মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার ও সদরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনার এজেন্ট।
শোভাকে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শোভা আক্তার ঈগল প্রতীকের এজেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার কারণে তার ওপর ক্ষিপ্ত ছিলেন নৌকার সমর্থকরা। দুপুরে ২০ থেকে ২৫ জন নৌকার সমর্থক তাকে একা পেয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে ও পিটিয়ে জখম করেন।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থীর প্রধান এজেন্ট তৌফিকুজ্জামান শাহিন বলেন, “পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে ঈগল প্রতীকের এজেন্ট শোভাকে নৌকার প্রার্থী আবদুস সোবাহান গোলাপের সমর্থকরা কুপিয়ে আহত করেছে। তার জীবন সংকটাপন্ন। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার দাবি করছি।”
ওসি মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
