টঙ্গীতে ইনকিলাবের সাংবাদিককে কুপিয়ে জখম, আটক ৩
এলাকাবাসী বলছে, চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
গাজীপুরের টঙ্গীতে পেশাগত দায়িত্ব পালন করার সময় দৈনিক ইনকিলাবের প্রতিনিধিকে কুপিয়ে জখম করা হয়েছে।
শুক্রবার সকাল ৯টার দিকে টঙ্গী পূর্ব থানার ৪৯ নম্বর ওয়ার্ডের এরশাদনগর ১ নম্বর ব্লকসংলগ্ন বেড়িবাঁধ এলাকায় তিনি হামলার শিকার হন।
গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (টঙ্গী জোন) খালিদ মো. আরাফাত বলেন, “ভিক্টিম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
“দেড় ঘণ্টা পর ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।”
আহত মো. মারুফ হোসেন দৈনিক ইনকিলাবের মাল্টিমিডিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত।
এলাকাবাসী বলছে, পেশাগত কাজে তথ্য সংগ্রহের জন্য ঘটনাস্থলে যান সাংবাদিক মারুফ হোসেন। এ সময় সোহান (৩০), সেলিম (৫৫) ও হাসান (২৫) নামে তিন ব্যক্তি এবং তাদের সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে মারুফের ওপর হামলা চালান।
হামলাকারীরা তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে লোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় মারুফের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রকৃত ঘটনা উদঘাটনে আটকদের জিজ্ঞাসাবাদ চলছে বলে পুলিশ কর্মর্তা খালিদ আরাফাত জানিয়েছেন।
