মুরাদনগরে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা
একটি রাজনৈতিক দলের স্থানীয় অফিস করা নিয়ে এলাকার দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
কুমিল্লার মুরাদনগরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের মধ্যে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। সংঘর্ষে আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।
মুরাদনগর থানার ওসি মো. আজিজুল বারী ইবনে জলিল জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের কদমতলী এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আবদুস সাত্তার (৩৮) উপজেলার বাঙ্গরাবাজার থানার কাঁঠালিয়া কান্দা গ্রামের প্রয়াত ইসমাইল মিয়ার ছেলে।
রাতে মুরাদনগর থানার ওসি মো. আজিজুল বারী ইবনে জলিল ও একই উপজেলার বাঙ্গরাবাজার থানার ওসি রিয়াজ উদ্দিন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মুরাদনগরের রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের কদমতলী গ্রামে একটি রাজনৈতিক দলের স্থানীয় অফিস বানায় মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের কাঁঠালিয়া কান্দা গ্রামের কিছু যুবক। এ নিয়ে উভয় এলাকার দুটি পক্ষের মধ্যে মঙ্গলবার রাতে সংঘর্ষ হয়।
সংঘর্ষ চলাকালে সাত্তারকে কুপিয়ে খুন করে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত সাত্তারকে স্থানীয়রা উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুরাদনগর থানার ওসি মো. আজিজুল বারী ইবনে জলিল ও বাঙ্গরাবাজার থানার ওসি রিয়াজ উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, ঘটনাটি দুই থানার লোকজনের মধ্যে সংঘটিত হয়েছে। এরই মধ্যে পুলিশ হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে। এ বিষয়ের বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।
