০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

ঝালকাঠিতে টমটমের ধাক্কায় প্রাণ গেল পাঁচ বছরের শিশুর

মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির টমটম তাকে ধাক্কা দিয়ে চলে যায়।

ঝালকাঠিতে টমটমের ধাক্কায় প্রাণ গেল পাঁচ বছরের শিশুর

ঝালকাঠির রাজাপুর থানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Nov 2026, 08:48 PM

Updated : 08 Nov 2026, 08:48 PM

ঝালকাঠির রাজাপুর উপজেলায় শ্যালাো ইঞ্জিনচালিত যান ‘টমটম’ এর ধাক্কায় পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার বিকালে রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়কে উপজেলার সমবায় আবাসন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস।

নিহত মো. শিফাত হাওলাদার উপজেলার বড় কৈবর্তখালী গ্রামের আব্দুর নুর হাওলাদারের ছেলে।

স্বজনরা জানান, সকালে শিফাতকে সমবায় আবাসন এলাকায় ফুফুর বাসায় রেখে চিকিৎসকের কাছে যান তার মা। বিকালে আবাসনের অন্য শিশুদের সঙ্গে খেলতে বাইরে যায় শিশুটি।

একপর্যায়ে মহাসড়ক পার হওয়ার সময় রাজাপুরের দিকে যাওয়া একটি দ্রুতগতির টমটম তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে সে মাথায় গুরুতর আঘাত পায়।

স্থানীয় লোকজন আহত অবস্থায় উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ স্বজনদের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।