২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিক্ষিকা নিহত

হাজেরা বেগম শিবগঞ্জ উপজেলার ফ্রিডম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Oct 2026, 08:53 PM

Updated : 25 Oct 2026, 08:53 PM

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন।

রোববার দুপুরে উপজেলার লালাপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার ওসি শাহীন আকন্দ।

নিহত হাজেরা বেগম শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর বাজার গ্রামের মৃত সনু মিয়ার স্ত্রী। তিনি স্থানীয় ফ্রিডম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা ছিলেন।

পুলিশ জানায়, চিকিৎসার জন্য ভাই শাহজাহান আলীর মোটরসাইকেলে করে চাঁপাইনবাবগঞ্জ শহরে যাচ্ছিলেন হাজেরা। পথে লালাপাড়া মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে তারা দুজনই পড়ে গিয়ে আহত হন।

পরে স্থানীয়রা হাজেরাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি শাহীন আকন্দ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।