খাগড়াছড়িতে পিকআপের ধাক্কায় যুব উন্নয়ন কর্মকর্তা নিহত
নিরুপন চাকমা দীঘিনালা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ছিলেন।
খাগড়াছড়ি সদর উপজেলায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুব উন্নয়ন অধিদপ্তরের এক কর্মকর্তা নিহত হয়েছেন।
নিহত নিরুপন চাকমা (৬০) দীঘিনালা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ছিলেন।
সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের কৃষি গবেষণা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু।
স্বজনরা জানান, দীঘিনালা থেকে মোটরসাইকেল চালিয়ে খাগড়াছড়ি শহরের দিকে যাচ্ছিলেন নিরুপন চাকমা। পথে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া পিকআপ তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পর চালক পিকআপ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় ধাওয়া দিয়ে তাকে আটক করে পুলিশে দেয়।
নিহতের আত্মীয় অর্থি চাকমা বলেন, “আমার কাকা শ্বশুর অত্যন্ত সজাগ ও কম গতিতে মোটরসাইকেল চালাতেন। আমরা এ দুর্ঘটনার সুষ্ঠু বিচার চাই।"
খাগড়াছড়ি সদর থানার ওসি কায় কিসলু বলেন, লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
