২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন, অধিকারী মিষ্টান্ন ভাণ্ডারকে জরিমানা

চুয়াডাঙ্গার অধিকারী মিষ্টান্ন ভাণ্ডারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন, অধিকারী মিষ্টান্ন ভাণ্ডারকে জরিমানা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি তৈরি করছিল অধিকারী মিষ্টান্ন ভাণ্ডার।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2023, 06:17 PM

Updated : 07 Aug 2023, 06:17 PM

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি উৎপাদনসহ বিভিন্ন অভিযোগে অধিকারী মিষ্টান্ন ভাণ্ডারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার দুপুরে উপজেলার চারতলা মোড় এলাকায় অভিযান চালানো হয় বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা কার্যালয়ের উপ-পরিচালক মোহা. সজল আহম্মেদ।

তিনি বলেন, ওই এলাকার মেসার্স অধিকারী মিষ্টান্ন ভাণ্ডারের কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধযুক্ত পরিবেশে দই-মিষ্টি ও খাবার তৈরি, কারখানায় নোংরা টয়লেটে কর্মচারীদের হাত ধোয়ার ব্যবস্থা না থাকা, বাসি রস মিষ্টিতে শত শত মাছি, ফ্রিজের দই ও রসমালাইয়ে মানা হচ্ছে না মোড়কীকরণ বিধি এবং মাটির দইয়ের ভাড়ে ভোক্তাদের ৫০০ থেকে ৬০০ গ্রাম পর্যন্ত ঠকানোর প্রমাণ পাওয়া গেছে।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে উপ-পরিচালক আরও বলেন, “এ সমস্ত অপরাধে প্রতিষ্ঠানটির মালিক শ্রী হারান অধিকারীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৪৬ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।”

এ ছাড়া পোকামাকড় মিশ্রিত বাসি রস-মিষ্টি নষ্ট করে কারখানাটি সাত দিন বন্ধের নির্দেশ দেওয়া হয় বলে জানান তিনি।  

এ অভিযানে সার্বিক সহযোগিতায় ছিল আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল।