নারায়ণগঞ্জে পরীক্ষার হলে ফ্যান ছিঁড়ে এইচএসসি পরীক্ষার্থী আহত
পুলিশ জানায়, ফ্যানের পাখার আঘাতে ওই পরীক্ষার্থীর গাল কেটে গেছে৷
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসি পরীক্ষার সময় চলন্ত ফ্যান ছিঁড়ে পড়ে এক পরীক্ষার্থী আহত হয়েছে৷
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে বলে সিদ্ধিরগঞ্জ মডেল থানার ওসি গোলাম মোস্তফা জানান।
পুলিশ জানায়, আহত পরীক্ষার্থীর নাম ফাল্গুনী আক্তার ঈশা (১৮)৷ আদমজীনগর এম ডব্লিউ কলেজের শিক্ষার্থী ঈশা সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর চৌধুরীবাড়ি এলাকার মো. ইসলামের মেয়ে।
ওসি গোলাম মোস্তফা বলেন, “বেলা সাড়ে ১১টার দিকে ওই শিক্ষার্থীর কক্ষের চলন্ত ফ্যানটি হঠাৎ ছিঁড়ে পড়ে৷ ফ্যানের পাখার আঘাতে মেয়েটির গাল কেটে গেছে৷”
“পরে তাকে সাইনবোর্ডের প্রো-অ্যাক্টিভ নামে একটি হাসপাতালে নেওয়া হয়৷ সেখানে চিকিৎসা শেষে পরীক্ষার জন্য তাকে অতিরিক্ত সময় দেওয়া হয়। সে এখন সুস্থ আছে,” বলেন ওসি৷
এ বিষয়ে জানতে রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নুরল ইসলাম এবং জেলা শিক্ষা কর্মকর্তা ইউনুস ফারুকির মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তারা রিসিভ করেননি। এরপর খুদেবার্তা পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।
