২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু

পুলিশ জানায়, এ ঘটনায় চন্দ্রগঞ্জ থানা সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব তাজু ভুঁইয়াসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু

মো. সজিব।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2024, 07:00 PM

Updated : 17 Apr 2024, 07:00 PM

লক্ষ্মীপুরের সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলার ঘটনায় চার দিন পর গুলিবিদ্ধ এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান বলে চন্দ্রগঞ্জ থানার ওসি এমদাদ হোসেন জানান।

নিহত মো. সজিব সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন পাঁচপাড়া গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে। তিনি কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র এবং শাখা ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন।

পুলিশ জানায়, আধিপত্য বিস্তারের দ্বন্দ্বের জেরে শুক্রবার রাত দেড়টার দিকে চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া এলাকার যদির পুকুরপাড়ে অতর্কিত হামলায় ছাত্রলীগের নেতা সজিবসহ চারজন আহত হন। গুরুতর অবস্থায় সজিবকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে মঙ্গলবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি এমদাদ হোসেন বলেন, হামলার ঘটনায় সোমবার রাতে সজিবের মা বুলি বেগম বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু ও সদস্যসচিব তাজু ভুঁইয়াসহ ১১ জনের নামে একটি মামলা করেন। এরপর পুলিশ তাজু ভূঁইয়াসহ তিনজনকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতে পাঠায়।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার দাবি করেছেন।

এদিকে, সজিবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বুধবার দুপুরে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে চন্দ্রগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল হয়। এ সময় মিছিলকারীরা সজিব হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।