০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ক্যাম্পে এসআইয়ের গুলিবিদ্ধ লাশ, ‘আত্মহত্যা’ বলছে পুলিশ

আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পের ইনচার্জ ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়ায় ক্যাম্পে এসআইয়ের গুলিবিদ্ধ লাশ, ‘আত্মহত্যা’ বলছে পুলিশ

জাহাঙ্গীর হোসেন তালুকদার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Nov 2026, 01:14 PM

Updated : 04 Nov 2026, 01:14 PM

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার পুলিশ ক্যাম্প থেকে এক এসআইএর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি নিজের পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন বলে ধারনা পুলিশের।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে সার কারখানার দ্বিতীয় গেইট সংলগ্ন পুলিশ ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম।

মারা যাওয়া জাহাঙ্গীর হোসেন তালুকদার (৫২) আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পের ইনচার্জ ছিলেন। তিনি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর গ্রামের মৃত আলী আকবর তালুকদারের ছেলে।

পুলিশ জানায়, সকালে ক্যাম্পের নিজ কক্ষে কর্তব্যরত অবস্থায় তাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। নিজের নামে ইস্যু করা সরকারি আগ্নেয়াস্ত্র (পিস্তল) ব্যবহার করে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দুপুর ১২টায় জানান, খবর পেয়ে জেলা পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গেছেন।

“নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। পরে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।“

তবে কী কারণে তিনি এ ঘটনা ঘটিয়েছেন তা এখনো জানা যায়নি বলেও জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।