২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক দম্পতির মৃত্যু এসির বিষাক্ত গ্যাসে? গাড়িতে বিড়াল রেখে পরীক্ষা পুলিশের

গাজীপুরের পুলিশ কমিশনার বলছেন, প্রাথমিকভাবে তারা নিশ্চিত, গাড়ির এসির গ্যাসই ‘খুনি’। 

শিক্ষক দম্পতির মৃত্যু এসির বিষাক্ত গ্যাসে? গাড়িতে বিড়াল রেখে পরীক্ষা পুলিশের

জিয়াউর রহমান ও তার স্ত্রী জলি আক্তার।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2022, 03:26 PM

Updated : 04 Nov 2022, 06:36 PM

গাজীপুরে একটি প্রাইভেটকার থেকে শিক্ষক দম্পতির মরদেহ উদ্ধারের আড়াই মাস পর পুলিশ বলছে, ওই গাড়ির ‘এসির বিষাক্ত গ্যাসে’ স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে বলে ধারণা জোরালো হচ্ছে তাদের।

মামলার তদন্ত কর্মকর্তা গাছা থানার এসআই নাদির উজ্জ-জামান বলছেন, তাদের এই ধারণা সম্পর্কে নিশ্চিত হতে ওই গাড়ির ভেতরে একটি বিড়াল রেখে পরীক্ষাও করেছেন তারা।

তবে ভিসেরা ও ময়নাতদন্তের প্রতিবেদন এবং অন্যান্য আলামত পরীক্ষা-নিরীক্ষার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসা যাবে বলে মন্তব্য করেছেন এ পুলিশ কর্মকর্তা।

গত ১৮ অগাস্ট ভোরে গাজীপুর সিটি করপোরেশনের খাইলকুর এলাকায় একটি প্রাইভেটকার থেকে শিক্ষক দম্পতি জিয়াউর রহমান (৫১) ও মাহমুদা আক্তারের (৩৫) লাশ উদ্ধার করা হয়।

গাজীপুরের কামাড়জুরী এলাকার বাসিন্দা জিয়াউর টঙ্গীর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। আর মাহমুদা ছিলেন টঙ্গীর আমজাদ আলী সরকার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

দুজনের শিক্ষা প্রতিষ্ঠান পাশাপাশি এলাকার হওয়ায় তারা একসঙ্গে প্রাইভেটকারে আসা-যাওয়া করতেন। গাড়িটি জিয়াউর নিজেই চালাতেন। ১৭ অগাস্ট সকালে একইভাবে স্কুলে গিয়ে তারা আর ফেরেননি। পরদিন গাজীপুরের খাইকুর এলাকায় পড়ে থাকা প্রাইভেটকারে তাদের মরদেহ দেখতে পান স্থানীয়রা।

ওই ঘটনার একদিন পর জিয়াউরের বড় ভাই স্কুল শিক্ষক আতিকুর রহমান আজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। গত আড়াই মাস ধরে থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ, পিবিআই, সিআইডি, র‌্যাবসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা ঘটনাটি তদন্ত করে আসছে। তবে ময়নাতদন্ত ও ভিসেরা প্রতিবেদন এখনও পাওয়া যায়নি।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই নাদির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাড়ির এসি থেকে বিষাক্ত গ্যাস ছড়ানোর ধারণাটি তারা পরীক্ষা করে দেখেছেন সম্প্রতি।

“ওই গাড়িতে একটি বিড়াল রেখে এসি ছেড়ে দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। ১০ থেকে ১২ মিনিট পর বিড়ালটি দুর্বল হয়ে নুয়ে পড়তে থাকে। আর ২৫ থেকে ২৬ মিনিট পর বিড়ালটি মারা যায়।”

শিক্ষক দম্পতি স্কুল থেকে রওনা দেওয়ার পর যে জায়গায় ওই গাড়ির ভেতর তাদের লাশ পাওয়া গিয়েছিল, ওই দূরত্ব যেতে মোটামুটি ২০-২৫ মিনিটই লাগে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

তবে পুলিশের এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন স্কুল শিক্ষক জিয়াউর রহমানের বড় ভাই ও মামলার বাদী আতিকুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আতিক বলেন, “পুলিশের এটা মনগড়া কথাবার্তা। পুলিশের এই বিড়াল ব্যাখ্যার কোনো ভিত্তি নেই। আমরা তাদের যুক্তি কোনোভাবেই মানতে পারছি না।”

পুলিশ তাদের তদন্ত ‘সঠিকভাবে করতে না পারায়’ এমন ব্যখ্যা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

জানতে চাইলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান মো. শাফি মোহাইমেন বলেন, “এখন পর্যন্ত ওই দম্পতির ভিসেরা প্রতিবেদন আসেনি। সে কারণে ময়নাতদন্ত প্রতিবেদনও দেওয়া হয়নি। প্রতিবেদন কবে আসবে সেটিও ঠিক করে বলা যাচ্ছে না। তবে এসব পরীক্ষার জন্য সর্বোচ্চ তিন মাস সময় লাগে।”

এরই মধ্যে গাজীপুরের গাছা থানায় যোগ দিয়েছেন নতুন ওসি ইব্রাহীম হোসেন। ওই হত্যা মামলা ও ‘বিড়াল দিয়ে পরীক্ষার’ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এটি আমরা এখনই বিস্তারিত প্রকাশ করতে চাচ্ছি না। আরও পরীক্ষা নিরীক্ষার ফলাফল পাওয়া গেলেই বিষয়টি আমরা আরও নিশ্চিত হতে পারব।”

তবে গাজীপুরের পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, “গাড়িতে বিড়াল রেখে পরীক্ষার পর প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি, তাদের মৃত্যু এসির বিষাক্ত গ্যাস থেকেই হয়েছে।

“বিড়াল দিয়ে পরীক্ষার পর গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ ও এসির গ্যাস পরীক্ষার জন্য বিআরটি ও সিআইডিতে পাঠানো হয়েছে। সেই প্রতিবেদন পেলে আমরা আরও নিশ্চিত হতে পারব।”

পুরোন খবর

গাজীপুরে প্রাইভেটকারে শিক্ষক দম্পতির লাশ: স্বজনরা বলছে, হত্যা

প্রাইভেটকারের ভেতর শিক্ষক দম্পতির লাশ: মামলা দায়ের

গাজীপুরে প্রাইভেট কারের ভেতর শিক্ষক দম্পতির লাশ