বাঁশখালীতে ঘরের দরজা ভেঙে মিলল যমজ শিশু ও বাবার লাশ
পুলিশের ধারণা, দুই শিশু সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেন বাবা।
চট্টগ্রামের বাঁশখালীতে ঘরের দরজা ভেঙে পাঁচ মাস বয়সি যমজ মেয়ে ও বাবার লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বিকালে বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মওলার পাড়া এলাকা থেকে লাশ তিনটি উদ্ধারের কথা জানিয়েছেন চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মাহমুদুল হাসান।
পুলিশের ধারণা, জাহিদ হোসেন (৫৫) নামে ওই ব্যক্তি দুই মেয়েকে ‘শ্বাসরোধে হত্যার’ পর গলায় ফাঁস দিয়েছেন।
জাহিদের বাড়ি চাম্বল ইউনিয়নে হলেও পুঁইছড়িতে শ্বশুরবাড়িতে থাকতেন।
সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুরে তার স্ত্রী, শাশুড়ি ও পরিবারের লোকজন স্থানীয় একটি এতিমখানায় গিয়েছিলেন। বাড়িতে দুই যমজ সন্তান নিয়ে ছিলেন জাহিদ।
“স্ত্রী-শাশুড়ি ফিরে এসে ঘরের দরজা ভেতর থেকে আটকানো দেখে ডাকাডাকি করেন। কিন্তু দরজা না খোলায় তারা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিস ঘরের দরজা ভেঙে লাশগুলো দেখতে পায়।”
পুলিশের এ কর্মকর্তা বলেন, “শিশু সন্তান দুইটি খাটে শোয়ানো ছিল। আর জাহিদ ঘরের চালের সঙ্গে ফাঁস দিয়ে ঝুলেছিলেন। আমাদের ধারণা দুই শিশু সন্তানকে শ্বাসরোধ করে খুনের পর জাহিদ নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
“প্রাথমিকভাবে জেনেছি, একসময় জাহিদ প্রবাসে ছিলেন। সেখান থেকে এসে বিয়ের পর থেকেই তিনি শ্বশুর বাড়িতে থাকতেন। আর্থিক টানাপড়েনসহ নানা কারণে তিনি হতাশাগ্রস্ত ছিলেন।”
লাশগুলোর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
