প্রাইভেটকারের ভেতর শিক্ষক দম্পতির লাশ: মামলা দায়ের
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ, চলছে জিজ্ঞাসাবাদ।
গাজীপুর নগরে প্রাইভেটকারের ভেতর থেকে শিক্ষক দম্পতির লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা হয়েছে।
গাজীপুর মহানগর গাছা থানার ওসি নন্দলাল চৌধুরী জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শিক্ষক জিয়াউর রহমানের বড় ভাই মো. আতিকুর রহমান বাদি হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে এ মামলা করেন।
এর আগে বৃহস্পতিবার ভোরে গাজীপুর নগরীর গাছা থানার দক্ষিণ খাইলকুর বগারটেক এলাকায় ব্যক্তিগত প্রাইভেটকার থেকে এ দম্পতির লাশ উদ্ধার করে পুলিশ।
জিয়াউরের ছোট ভাই জহুরুল ইসলাম ওয়াসীম বলেন, “আমার ভাই ভাবি খুবই ভালো মানুষ ছিলেন। তাদের সঙ্গে কারও কখনো কোনো ঝামেলা হতে দেখিনি। কিন্তু এটি স্বাভাবিক মৃত্যু হতে পারে না; তাই হত্যা মামলা করা হয়েছে।”
৫১ বছর বয়সী জিয়াউর গাজীপুরের টঙ্গীর শহিদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং তার স্ত্রী ৩৫ বছর বয়সী মাহমুদা আক্তার ওরফে জলি টঙ্গীর আমজাদ আলী সরকার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকালে জিয়াউর ও জলির লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। পরে রাতেই গাজীপুরে তাদের জানাজা শেষে ত্রিশাল উপজেলার দঁড়িকাঁঠাল গ্রামে বাবার কবরের পাশে জিয়াউর ও তার স্ত্রীকে দাফন করা হয়।
বুধবার সকালে কামারজুরি এলাকার নিজ বাড়ি থেকে প্রাইভেটকার নিয়ে স্কুলের উদ্দেশে বের হন ওই শিক্ষক দম্পতি। গাড়িটি জিয়াউর নিজেই চালাতেন। স্কুল শেষে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তারা। এরপর থেকে তাদের কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছিল না। স্বজনেরা রাতভর খোঁজাখুঁজি করলেও সেদিন কোনো হদিস মেলেনি।
পরে বৃহস্পতিবার ভোরে গাড়ির ভেতরে চালকের আসনে প্রধান শিক্ষক ও পাশের আসনে তার স্ত্রীকে নিথরভাবে পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে সেখান থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।
গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. দেলোয়ার হোসেন বলেন, “শিক্ষক দম্পতির মৃত্যুর কারণ তদন্তে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। আশা করছি দ্রুতই ঘটনার কূল কিনারা করতে পারব।”
