২০ অক্টোবর ২০২৬, ০৫ কার্তিক ১৪৩৩

ফরিদপুরে পূজা দেখতে বেরিয়ে নিখোঁজ কলেজছাত্র, দুই দিন পর নদীতে মিলল লাশ

কীভাবে মৃত্যু হয়েছে ২৩ বছর বয়সী শিক্ষার্থীর, তা জানতে তদন্ত করছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Oct 2026, 05:34 PM

Updated : 20 Oct 2026, 05:33 PM

ফরিদপুরে পূজা দেখতে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে ফরিদপুর পৌরসভার ভাটিলক্ষীপুর এলাকার মদনখালী স্লুইসগেটের কাছে কুমার নদ থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন।

কৌশিক সাহা জিতু (২৩) শহরের ওয়্যারলেসপাড়া এলাকার কমলেশ সাহার ছেলে। তিনি সরকারি রাজেন্দ্র কলেজের রসায়ন বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পরিবারের সদস্যরা বলেন, রোববার সন্ধ্যার পর পূজা দেখতে বাড়ি থেকে বের হন জিতু। এরপর আর বাড়ি ফেরেননি তিনি।

পরদিন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে কোতোয়ালি থানায় জিডি করেন তার বাবা।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে কুমার নদে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে নৌ-পুলিশ ও কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

কোতোয়ালি থানার এসআই মাসুদ হোসেন বলেন, লাশটি পচে ফুলে যাওয়ায় প্রথমে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে পরনের পোশাক ও সঙ্গে থাকা চাবি দেখে পরিবারের সদস্যরা তার পরিচয় নিশ্চিত করেন।

অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে।