বরিশালে ডেঙ্গু আক্রান্ত বৃদ্ধার মৃত্যু
এ নিয়ে বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য দপ্তরের বিভাগীয় পরিচালক জানান।
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বলে জানান ওই বৃদ্ধার ছেলে।
এ নিয়ে বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য দপ্তরের বিভাগীয় পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানিয়েছেন।
৭০ বছর বয়সি বৃদ্ধা বকুল রানী আগৈলঝাড়া উপজেলার ঘোড়ারপাড় এলাকার বাসিন্দা।
তার ছেলে সুখচাঁদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৯ জুলাই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া পর বৃহস্পতিবার তার মা মারা যান।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, বরিশাল বিভাগের দুটি মেডিকেল কলেজ ও ৬ জেলা সদর হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২১০ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে ওই চিকিৎসাকেন্দ্রগুলোতে বর্তমানে ৮৬১ জন রোগী চিকিৎসাধীন আছেন।
এর মধ্যে সবচেয়ে বেশি ৭০ জন রোগী ভর্তি হয়েছে বরিশাল শের- ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে।
এছাড়া ৩৫ জন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিভাগের পটুয়াখালী জেলার অন্যান্য হাসপাতালে ৩১ জন, ভোলায় ২১ জন, পিরোজপুরে ৩১ জন ও বরগুনায় ২২ জন ডেঙ্গু রোগী গেলো ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ছয় হাজার ৩৭৬ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচ হাজার ৫০৩ জন।
স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আরও বলেন, “ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না।
“ডেঙ্গু রোগীদের গুরুত্ব দিতে বিভাগের সব সরকারি হাসপাতালে নির্দেশনা দেওয়া হয়েছে।”
